বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে বন্ধ করা হচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ইউনিটটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।
এ সময় বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে উৎপাদন চালিয়ে যাবে। ফলে রক্ষণাবেক্ষণকালীন কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে আসবে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আদানি পাওয়ার জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কাজের পরিকল্পনা করা হয়েছিল। গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এতে সম্মতি দেয়।
যন্ত্রপাতি পরীক্ষা ও সার্ভিসিং
কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের সময় বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় যন্ত্রপাতি পরীক্ষা ও সার্ভিসিং করা হবে। পাশাপাশি ভবিষ্যতে সম্ভাব্য কারিগরি ত্রুটি এড়াতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।
গড্ডায় আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। দুটি ইউনিটের প্রতিটির সক্ষমতা ৮০০ মেগাওয়াট। তবে বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী বাংলাদেশে কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা।
২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি
২০১৭ সালের নভেম্বরে আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেডের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। চুক্তির আওতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রায় ২০০ কোটি ডলার ব্যয়ে গড্ডা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি। ২০২৩ সালের ৯ মার্চ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
শীতের শুরুতে দেশে বিদ্যুতের চাহিদা কমতে শুরু করেছে। এর মধ্যেই কেন্দ্রটির একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ হচ্ছে।
ভারত থেকে বিদ্যুৎ আমদানি বেড়েছে
ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন কমলেও নভেম্বরের প্রথম ১৫ দিনে ভারত থেকে বিদ্যুৎ আমদানি আগের মাসের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেড়েছে।
অক্টোবরের প্রথম ১৫ দিনে দৈনিক গড়ে ৩ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ আমদানি করা হয়েছিল। নভেম্বরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৬০ লাখ ইউনিটে।
আমদানি করা বিদ্যুতের তুলনায় দেশে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি হওয়ায় আমদানি বাড়ানো হয়েছে বলে সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম।
আগেও কমেছিল আদানির বিদ্যুৎ সরবরাহ
এর আগে কারিগরি ত্রুটি ও কয়লা সরবরাহের সংকটের কারণে আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমেছিল। গত ১০ সেপ্টেম্বর কারিগরি সমস্যায় গড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। তিন দিন পর, ১৩ সেপ্টেম্বর ইউনিটটি আবার উৎপাদনে ফেরে।
এনএলডিসির তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশের সর্বোচ্চ চাহিদার সময় আদানির কেন্দ্র থেকে ১ হাজার ৪৩০ দশমিক ০৬ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গিয়েছিল। পরদিন একটি ইউনিট বন্ধ হওয়ার পর সরবরাহ কমে দাঁড়ায় ৬৯১ দশমিক ৪৪ মেগাওয়াটে।