খুলনায় একের পর এক গুলির ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টার ব্যবধানে সাতটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. হালিম (৪৫) নিহত হয়েছেন।
এ ছাড়া রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। নগরীর কয়েকটি বাড়ি, একটি রেস্টুরেন্ট ও আড়ংঘাটার একটি দোকানেও হামলার ঘটনা ঘটেছে। তবে ফুলবাড়ীগেট এলাকায় গুলির শব্দ শোনার খবর পাওয়া গেলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
মোটরসাইকেলে এসে গুলি, আওয়ামী লীগ নেতা নিহত
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দৌলতপুর থানার কল্পতরু মাঠসংলগ্ন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মো. হালিম। হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ হালিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হালিম দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া কবরস্থানসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী। তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত হালিম ঠিকাদারি ও ঘের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
হাসপাতালে তাঁর স্বজনেরা জানান, কল্পতরু মার্কেট এলাকায় প্রথমে পেছন থেকে তাঁকে গুলি করা হয়। পরে হামলাকারীরা কাছে গিয়ে আবারও গুলি চালায়। তাঁদের দাবি, ছয় রাউন্ড গুলির মধ্যে চারটি হালিমের মাথা ও বুকে লাগে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সমিতির সহসভাপতিকে লক্ষ্য করে গুলি
মঙ্গলবার সকালে সদর থানার বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় কয়েকজনের সঙ্গে সাঈদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগে। পরে তারা পালিয়ে যায়।
সদর থানার ওসি লোকমান হোসেন জানান, সাঈদকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হলেও তিনি অক্ষত রয়েছেন। তিনি কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি।
বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে হামলা
মঙ্গলবার দুপুরে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন জানান, ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না। এতে কেউ হতাহত হননি।
এদিকে, চাঁদা দাবির হুমকির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে চালু হয় নগরীর দ্যা পালংকি রেস্টুরেন্ট। কিন্তু চালুর কয়েক ঘণ্টার মধ্যেই রেস্টুরেন্টটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি প্রতিষ্ঠানের ওপরের সাইনবোর্ডে লাগে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। ঘটনার সময় ওই এলাকায় পুলিশের একটি দল টহলে ছিল।
দোকান ও আরেকটি বাড়িতেও গুলি
মঙ্গলবার রাত ৮টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজারে পান্ন খলিফার দোকান লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি দোকানের সামনে দাঁড়িয়ে গুলি চালিয়ে পালিয়ে যায়।
ঘটনার সময় দোকানে ১০ থেকে ১২ জন অবস্থান করছিলেন। তাঁদের কয়েকজন ক্যারম খেলছিলেন। তবে কেউ হতাহত হননি। আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
এ ছাড়া রাত আনুমানিক ৯টার দিকে লবণচরা থানার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রিন্সের শ্বশুর আব্দুল জলিল আকনের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পাওয়া যায়।
লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়ীগেটে গুলির শব্দ, নিশ্চিত নয় পুলিশ
মঙ্গলবার রাত ৮টার পর নগরীর ফুলবাড়ীগেট এলাকায় সোনালী জুট মিলের সামনে গুলির শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে। তবে খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও সেখানে গুলির খোসা বা প্রত্যক্ষদর্শীর সন্ধান পায়নি।
স্থানীয় কয়েকজন টায়ার ফাটার মতো শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। ফলে শব্দটি গুলির ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
চলতি বছরে খুলনায় নিহত ৮১
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগরী ও জেলায় ৮১ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে মহানগর এলাকায় ৪১ জন এবং জেলার অন্যান্য এলাকায় ৪০ জন।