হবিগঞ্জের বানিয়াচঙ্গে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, আগুনের মশাল ও যুবলীগের ব্যানারসহ মেহেদী হাসান ইমন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শরীফখানী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ইমন বানিয়াচং উপজেলার দোকানটুলা মহল্লার নূর মোহাম্মদের ছেলে।
অন্যরা পালিয়ে গেলেও আটক একজন
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শরীফখানী এলাকায় কয়েকজন যুবক ব্যানার, মশাল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম নিয়ে নাশকতার চেষ্টা করছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ইমনকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে চারটি আগুনের মশাল, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম এবং যুবলীগের একটি ব্যানার উদ্ধার করা হয়।
মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ইমনকে বুধবার আদালতে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।