হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মামুন মিয়া উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তাঁর স্ত্রী মমতা বেগম (২৫) একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর বুধবার ভোররাতে শ্রীধরপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামী মামুন মিয়াকে পাথরের শিল দিয়ে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তাঁর স্ত্রী মমতা বেগম। এতে মামুন গুরুতর আহত হন।
প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২০ নভেম্বর শুক্রবার এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে আটক করে পুলিশ। পরদিন শনিবার তাঁকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা বেগম দাবি করেন, বিয়ের পর থেকে তিনি স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। এমনকি তাঁদের শিশুসন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি। দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে এ ঘটনা ঘটিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।
ওসি মো. সোহেল রানা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত মমতা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।