সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত আফসর উদ্দিনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া এবং আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে এ ঘটনা ঘটে।
আটকের পর পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় টহল দেওয়ার সময় পুলিশ খবর পায়, মুলাগুল বাজারে একটি মামলার আসামি শাহিদ রানা ও সাদেক আহমদ নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সংগঠিত হচ্ছেন।
খবরের ভিত্তিতে পুলিশ মুলাগুল বাজারের মানব সেবা মেডিকেল নামের একটি দোকানের সামনে গিয়ে তাঁদের আটক করে। এ সময় কয়েকজন ব্যক্তি পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে বাজারের ব্যবসায়ী ও যুবলীগ নেতা সালেক আহমদ, সুহেল আহমদ, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা আবুল ফয়েজ, সালমান আহমদ, মাহবুব রশিদ ও সালেহ আহমদের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, শাহিদ রানার বড় ভাই আফসর উদ্দিনের নেতৃত্বে তাঁর আত্মীয়স্বজনেরা পুলিশের কাছ থেকে শাহিদ রানা ও সাদেক আহমদকে ছাড়িয়ে নিয়ে যান।
অতিরিক্ত পুলিশ গিয়েও কাউকে আটক করতে পারেনি
ঘটনার খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা মুলাগুল এলাকায় যান এবং অভিযান চালান। তবে পাহাড়ি এলাকা হওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় লোকজন। পুলিশের কাজে বাধা দেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
বিএনপি থেকে বহিষ্কার আফসর উদ্দিন
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা আফসর উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
আফসর উদ্দিন কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্বে ছিলেন।
মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ
কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার খবর পেয়ে সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা মুলাগুল বাজারে গিয়ে মামলার আসামি শাহিদ রানা ও সাদেক আহমদকে আটক করার চেষ্টা করেন। এ সময় বিএনপি নেতা আফসর উদ্দিনসহ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে তাঁদের ছাড়িয়ে নেন।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এলাকায় অভিযান চলছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কয়েকটি আইডি থেকে পুলিশের হ্যান্ডকাফ ছিনিয়ে নেওয়ার তথ্য ছড়ানো হলেও তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা।