কুয়েতের আল-সালমি মরুভূমিতে অবিস্ফোরিত মাইনের বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ১৯৯০ সালে ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা মাইনটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে একটি উট।
কুয়েতের প্রত্যন্ত মরুভূমি এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনা প্রায় ৩৬ বছর আগের যুদ্ধের রেখে যাওয়া বিস্ফোরকের ভয়াবহ ঝুঁকি আবারও সামনে এনেছে।
মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু
ঘটনার খবর পেয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী দল ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৯৯০ সালে ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইনের ওপর অসাবধানতাবশত পা রাখলে সেটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই বাংলাদেশি। বিস্ফোরণের তীব্রতায় কাছাকাছি থাকা একটি উটও আহত হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় কুয়েতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
তল্লাশিতে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল
বিস্ফোরিত মাইন নিষ্ক্রিয় করা এবং আশপাশের এলাকায় আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়।
এ ছাড়া তদন্তে অংশ নেয় ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভ বিভাগের প্রতিনিধি, ক্রিমিনাল এভিডেন্স, ফরেনসিক মেডিসিন ও ক্রাইম সিন ইউনিট। ঘটনার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
নিহতের পরিচয় জানে না বাংলাদেশ দূতাবাস
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিকের প্রাণহানির খবর তাঁরা পেয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো দূতাবাসের কাছে পৌঁছায়নি।
নিহতের পরিচয় নিশ্চিত করা এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস কাজ করছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা মাইন ও অন্যান্য বিস্ফোরকের অবশিষ্টাংশ কুয়েতের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এখনো ঝুঁকি তৈরি করছে। সর্বশেষ এই প্রাণহানির ঘটনা যুদ্ধের বহু বছর পরও অবিস্ফোরিত মাইনের বিপদ কতটা ভয়াবহ, তা আবারও স্পষ্ট করেছে।