মাত্র পাঁচ দিনের জ্বরেই যেন মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেল সাজানো সংসার, ভেঙে গেল এক পরিবারের সব স্বপ্ন। ডেঙ্গুর ভয়াল থাবায় মাত্র ৩৪ বছর বয়সেই না\-ফেরার দেশে পাড়ি জমালেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ।
তাঁর এই অকালমৃত্যুতে সবচেয়ে বেশি অনিশ্চয়তার অন্ধকার নেমে এসেছে আট মাসের নিষ্পাপ শিশুকন্যা ফারহিনা পারভেজ আয়রার জীবনে। যে বয়সে বাবার আঙুল ধরে হাঁটতে শেখার কথা, বাবার কাঁধে চড়ে পৃথিবী দেখার কথা, সেই বয়সেই ছোট্ট আয়রাকে হারাতে হলো তার সবচেয়ে নিরাপদ আশ্রয়—বাবাকে। বাবার ভালোবাসা, আদর আর স্নেহের স্মৃতিগুলো বোঝার আগেই সে হয়ে গেল বাবাহারা।
মৃত্যুর আগে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ; শুয়ে পারভেজ হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিলেন তাঁর জীবনের শেষ পরিণতি। হয়তো চোখের সামনে ভেসে উঠেছিল প্রিয়তমা স্ত্রীর মুখ, বুকের ধন ছোট্ট আয়রার নিষ্পাপ চেহারা। হয়তো মনে পড়েছিল, মেয়েটির জন্য কত স্বপ্ন জমিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—প্রিয়জনদের কাছে ফেরার আকুতি নিয়েই থেমে গেল তাঁর জীবনের পথচলা।
একটি পরিবার হারাল তাদের প্রিয় মানুষটিকে, একজন স্ত্রী হারালেন তাঁর জীবনসঙ্গী, আর মাত্র আট মাসের একটি শিশু হারাল তার বাবাকে। পারভেজ চলে গেলেন, কিন্তু রেখে গেলেন অসংখ্য স্মৃতি, অপূর্ণ স্বপ্ন আর একরাশ বুকভরা শূন্যতা।