সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সিলেটের খবর মাদকবিরোধী অভিযান

সিলেটের কাস্টঘরে ফের প্রশাসনের অভিযান, ৬ মাদকসেবীর কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট • ১০ ঘণ্টা আগে • পঠিত: ২ বার
সিলেটের কাস্টঘরে ফের প্রশাসনের অভিযান, ৬ মাদকসেবীর কারাদণ্ড
সিলেট নগরীর বন্দরবাজারের কাস্টঘর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয়টি পৃথক মামলা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার। এ সময় সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিলেট মহানগর পুলিশের সদস্যরা তাঁকে সহযোগিতা করেন।

ছয়জনের বিরুদ্ধে পৃথক মামলা
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার কোতোয়ালী থানাধীন বন্দরবাজারের কাস্টঘর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়। এসব মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা
কাস্টঘর এলাকায় এর আগেও একাধিকবার মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। নগরীতে মাদকের বেচাকেনা ও সেবন বন্ধে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার বলেন, ‘মাদকমুক্ত সিলেট গঠনে মাদকের বিরুদ্ধে সিলেট জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp