সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর হযরত শাহপরান (রহ.) মাজার রোড থেকে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তা উন্নয়ন, সীমানা দেয়াল, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। গত ২৪শে নভেম্বর এ উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ
সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের প্রত্যাশিত এ উন্নয়নকাজ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উন্নত ড্রেনেজ ব্যবস্থার ফলে এলাকার জলাবদ্ধতা নিরসনেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ সময় বলা হয়, সিলেট নগরীর বিভিন্ন এলাকার সমস্যা ও জনদুর্ভোগ চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই এসব উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য।
উন্নয়নকাজ বাস্তবায়নের ফলে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।