বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

সিলেটসহ চট্টগ্রাম বিভাগে বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে ৮ হাজার ৯৭৯ কোটি টাকার প্রকল্প

ডেস্ক রিপোর্ট • ৮ ঘণ্টা আগে • পঠিত: ৪ বার
সিলেটসহ চট্টগ্রাম বিভাগে বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে ৮ হাজার ৯৭৯ কোটি টাকার প্রকল্প
সিলেট ও চট্টগ্রাম বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে ৮ হাজার ৯৭৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্প বাস্তবায়িত হলে দুই বিভাগের গ্রামীণ এলাকায় বিদ্যুৎ বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন হবে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পে ঋণ ৬ হাজার ৪৮৯ কোটি টাকা

অনুমোদিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে ৬ হাজার ৪৮৯ কোটি টাকা প্রকল্প ঋণ হিসেবে নেওয়া হবে।

একই সভায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা শক্তিশালী করার জন্য ৪ হাজার ৬০১ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে ঋণের পরিমাণ ২ হাজার ৪৫৫ কোটি টাকা।

একনেকে ১০ প্রকল্পে ২৪ হাজার কোটি টাকার অনুমোদন

একনেক সভায় মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়সংবলিত ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে পাঁচটি নতুন প্রকল্প, চারটি সংশোধিত প্রকল্প এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।

বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp