সিলেট নগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে, দুই ভাই ও এক সহযোগীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরের জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর দুই ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুর এবং বদির সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
পাঁচ ঘণ্টা ধরে হোটেলে অভিযান
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত থেকে গ্র্যান্ড প্যালেস হোটেল ঘিরে রাখে পুলিশ। এরপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে হোটেলটিতে তল্লাশি চালানো হয়। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বুধবার ভোর ৫টার দিকে তাঁদের হোটেল থেকে নিয়ে কোতোয়ালী মডেল থানায় নেওয়া হয়।
হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলটিতে ওঠে।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছেন—এমন গোপন তথ্য ছিল পুলিশের কাছে। এর ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরে তল্লাশির একপর্যায়ে চারজনের পরিচয় নিশ্চিত করে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।
তবে তাঁরা কী কারণে সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।