বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট • ১৫ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা মজুরির তুলনায় নতুন কাঠামোয় ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে না পারায় ভোটাভুটির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

চার গ্রেডে মজুরি নির্ধারণ

নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-৪ বা সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি হবে ১৭ হাজার টাকা। গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, ওপরের তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। তবে গ্রেড-৪-এর বিষয়ে মতৈক্য না হওয়ায় শ্রম বিধিমালা অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়।

দাবি ও প্রস্তাব নিয়ে দীর্ঘ দর-কষাকষি

গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর প্রথম সভার পর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয়।

২৩ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। পরবর্তী আলোচনায় উভয় পক্ষ কয়েক দফা নিজেদের প্রস্তাব সংশোধন করে। শেষ পর্যায়ে শ্রমিকপক্ষ ১৮ হাজার এবং মালিকপক্ষ ১৭ হাজার টাকা প্রস্তাব দেয়। তবে সমঝোতা না হওয়ায় ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

ডিসেম্বর থেকে কার্যকরের সিদ্ধান্ত

নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ২০২৩ সালে সর্বশেষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই মজুরি আরও ৩৬ শতাংশ বাড়ল।

এদিকে মজুরি নির্ধারণের আলোচনা চলাকালে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ অব্যাহত ছিল। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কোথাও কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। গাজীপুরের একটি এলাকায় পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। 
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp