বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

বেবিচকের পাওনা ৭ হাজার ১২৭ কোটি টাকা, বন্ধ তিন বেসরকারি এয়ারলাইনস

ডেস্ক রিপোর্ট • ১৬ ঘণ্টা আগে • পঠিত: ৪ বার
বেবিচকের পাওনা ৭ হাজার ১২৭ কোটি টাকা, বন্ধ তিন বেসরকারি এয়ারলাইনস
দেশের চারটি এয়ারলাইনসের কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ৭ হাজার ১২৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ টাকা বকেয়া রয়েছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে। বাকি ১ হাজার ২৫৮ কোটি টাকার বেশি পাওনা তিনটি বন্ধ বেসরকারি এয়ারলাইনসের কাছে।

বেবিচকের অর্থ ও হিসাব বিভাগের তৈরি গত আগস্ট পর্যন্ত হিসাব বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। ৭ নভেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে পাওনার বিস্তারিত বিবরণী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।

হিসাব অনুযায়ী, চারটি এয়ারলাইনসের কাছে বেবিচকের মোট পাওনা ৭ হাজার ১২৭ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৩ টাকা।

বিমানের কাছে বকেয়া প্রায় ৫ হাজার ৮৬৯ কোটি টাকা

রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ ২ হাজার ৫৩২ টাকা। এ অর্থের মধ্যে রয়েছে মূল বিল, মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং বিল পরিশোধে বিলম্বের কারণে আরোপিত অতিরিক্ত ফি ও সারচার্জ।

পাওনা পরিশোধের বিষয়ে বিমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করেছে প্রথম আলো। লিখিত প্রশ্নও পাঠানো হয়েছিল। তবে ২৪ নভেম্বর বিকেল পর্যন্ত বিমান কর্তৃপক্ষ কোনো জবাব দেয়নি।

বেবিচকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক কাউছার মাহমুদ জানিয়েছেন, পাওনা পরিশোধের জন্য বিমানকে নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে।

বন্ধ তিন বেসরকারি এয়ারলাইনসের কাছে ১,২৫৮ কোটি টাকা

বেবিচকের হিসাব অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া তিন বেসরকারি এয়ারলাইনসের মধ্যে সবচেয়ে বেশি পাওনা রিজেন্ট এয়ারওয়েজের কাছে। প্রতিষ্ঠানটির কাছে বকেয়া ৪৫৪ কোটি ৭১ লাখ ৪০ হাজার ২৩ টাকা।

ইউনাইটেড এয়ারওয়েজের কাছে পাওনা ৩৯১ কোটি ৭২ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা। আর জিএমজি এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৪১১ কোটি ৮০ লাখ ৯১ হাজার ৮১০ টাকা।

তিনটি প্রতিষ্ঠানের কোনোটিই বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে না। হিসাব বিবরণীতে এসব পাওনার বিষয়ে মামলা চলমান বলে উল্লেখ করা হয়েছে। ফলে বকেয়া অর্থ আদায় নিয়ে জটিলতায় রয়েছে বেবিচক।

বিমানবন্দরে পড়ে আছে ১৩ অকেজো উড়োজাহাজ

বন্ধ হয়ে যাওয়া বেসরকারি এয়ারলাইনসগুলোর ১৩টি অকেজো উড়োজাহাজ দেশের দুটি বিমানবন্দরে পড়ে রয়েছে। এর মধ্যে ১২টি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং একটি কক্সবাজার বিমানবন্দরে।

উড়োজাহাজগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের নয়টি, রিজেন্ট এয়ারওয়েজের দুটি এবং জিএমজি ও অ্যাঞ্জেল এয়ারওয়েজের একটি করে রয়েছে।

শাহজালাল বিমানবন্দরে পড়ে থাকা ১২টি উড়োজাহাজের কারণে রপ্তানি কার্গো অ্যাপ্রোনের প্রায় ১ লাখ ৯২ হাজার বর্গফুট জায়গা ব্যবহারের বাইরে রয়েছে। অন্যদিকে কক্সবাজার বিমানবন্দরে পড়ে আছে ইউনাইটেড এয়ারওয়েজের একটি এটিআর-৭২-২১২ মডেলের উড়োজাহাজ।

ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ

বিমানবন্দরগুলোতে পড়ে থাকা অকেজো উড়োজাহাজ ২০২৪ সালের ২৬ মে বাজেয়াপ্ত করে বেবিচক। পরে শাহজালাল বিমানবন্দরে থাকা ১২টি উড়োজাহাজ ভাঙারি হিসেবে বিক্রির প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বেবিচক সূত্রের বরাতে জানা গেছে, সচল উড়োজাহাজ হিসেবে এগুলো কেনার উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি। তাই ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত হওয়ার পর দুই বছরের বেশি সময় ধরে উড়োজাহাজগুলো বিমানবন্দরে পড়ে রয়েছে।

বেবিচকের হিসাব বলছে, এসব উড়োজাহাজ সরিয়ে ওই জায়গায় ১২টি নতুন পার্কিং বে চালু করা গেলে প্রতিদিন প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা অতিরিক্ত আয় করা সম্ভব।

আর্থিক সংকটে বন্ধ হয় তিন এয়ারলাইনস

২০০৫ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড এয়ারওয়েজ ২০০৭ সালের ১০ জুলাই বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে। আর্থিক সংকট, অভ্যন্তরীণ কোন্দল ও অব্যবস্থাপনার কারণে ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করে। পরে ২০১৬ সালের ৬ মার্চ তাদের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়।

রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট পরিচালনা বন্ধ হয় ২০২০ সালের মার্চে। কোভিড-১৯ মহামারি ও তীব্র আর্থিক সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বকেয়া ঋণ ও উড়োজাহাজ লিজের অর্থ পরিশোধ করতে না পারায় ২০২৩ সালের ২৯ মার্চ প্রতিষ্ঠানটির মাতৃপ্রতিষ্ঠান এইচজি এভিয়েশন লিমিটেডের অবলুপ্তি বা লিকুইডেশন প্রক্রিয়া শুরু হয়। আদালতের নির্দেশে এ প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে ২০২৪ সালের মে মাসে বেবিচক রিজেন্টের পরিত্যক্ত উড়োজাহাজগুলো বাজেয়াপ্ত করে।

অন্যদিকে, ১৯৯৭ সালে যাত্রা শুরু করা জিএমজি এয়ারলাইনস জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, অব্যবস্থাপনা, আর্থিক সংকট ও ঋণের দায়ে ২০১২ সালের ২৮ মার্চ কার্যক্রম বন্ধ করে দেয়। পণ্য পরিবহনকারী অ্যাঞ্জেল এয়ারওয়েজ ২০১৬ সাল পর্যন্ত সেবা দিয়েছে।

সব মিলিয়ে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর বকেয়া অর্থ আদায় এবং পরিত্যক্ত উড়োজাহাজ সরানো—দুই ক্ষেত্রেই চ্যালেঞ্জের মুখে রয়েছে বেবিচক।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp