বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট • ১৩ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে বাংলাদেশসহ ১৪টি দেশ ও অর্থনৈতিক অংশীদারের পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বাংলাদেশের পণ্যে বিদ্যমান শুল্কের বাইরে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়; প্রস্তাবের ওপর জনমত ও সংশ্লিষ্ট পক্ষের মতামত নেওয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় পরিচালিত তদন্তের ফল প্রকাশ করে। সংস্থাটি বলেছে, ১৬টি অর্থনীতি নিয়ে তদন্তের মধ্যে ১৪টির শিল্প উৎপাদনসংক্রান্ত নীতি ও কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক ও ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। খবর রয়টার্সের। 

বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব
ইউএসটিআরের প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে ছাড় রেখে বাংলাদেশের সব পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হবে। বিদ্যমান ৩০১ ধারার শুল্ক এবং অন্যান্য প্রযোজ্য শুল্ক ও বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি বিবেচনায় নিয়ে এ হার নির্ধারণের কথা বলা হয়েছে।

বাংলাদেশের শিল্পনীতি, উৎপাদন ও রপ্তানিতে প্রণোদনা, শ্রমিকের অধিকার সুরক্ষায় ঘাটতি এবং আর্থিক নীতির কিছু বিষয়কে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর আপত্তিকর হিসেবে উল্লেখ করেছে। বিশেষ করে তৈরি পোশাক ও পোশাকশিল্পের ক্ষেত্রে এসব নীতির প্রভাবের কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। 

১৪ দেশের বিরুদ্ধে ব্যবস্থা, আপাতত বাদ মেক্সিকো ও নরওয়ে
তদন্তের আওতায় থাকা ১৬টি অর্থনীতির মধ্যে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছে ইউএসটিআর।

অন্যদিকে, মেক্সিকো ও নরওয়ের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি। এসব দেশের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের প্রস্তাবও দেওয়া হয়নি।

বিভিন্ন দেশের জন্য ভিন্ন শুল্কহার
প্রস্তাবে দেশভেদে আলাদা শুল্কসীমা নির্ধারণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়া, বাংলাদেশ, কম্বোডিা ও ইন্দোনেশিয়ার পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে।

চীনের পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ এবং ভারতের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বা সমঝোতার শর্ত পূরণ হলে কিছু দেশের ক্ষেত্রে শুল্কহার সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। 

চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে অভিযোগ
যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সরঞ্জাম ও সৌরবিদ্যুৎসহ বিভিন্ন পণ্য অতিরিক্ত উৎপাদন করে বিশ্ববাজারে সরবরাহ করছে। এতে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি ওয়াশিংটনের।

তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন। এদিকে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় চীনা বিনিয়োগের বিষয়টিও তদন্তে গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব দেশে উৎপাদনের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলো আগের মার্কিন শুল্ক এড়িয়ে দেশটির বাজারে প্রবেশ করছে।

জানুয়ারিতে শুনানি, এখনো চূড়ান্ত নয় শুল্ক
ইউএসটিআর জানিয়েছে, প্রস্তাবিত শুল্কের বিষয়ে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০২৭ সালের ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত জমা দিতে হবে। একই সময়ের মধ্যে শুনানিতে অংশ নেওয়ার আবেদনও করতে হবে। আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক বাতিল করেন। এরপর নতুন আইনি কাঠামোর আওতায় বাণিজ্যিক ব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ নেয় প্রশাসন। নতুন প্রস্তাব সেই উদ্যোগের অংশ।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp