বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

উজ্জয়িনীতে ৬৩৬ বছরের পুরোনো মসজিদসহ ঐতিহাসিক স্থাপনা বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট • ২০ ঘণ্টা আগে • পঠিত: ৩৩ বার
উজ্জয়িনীতে ৬৩৬ বছরের পুরোনো মসজিদসহ ঐতিহাসিক স্থাপনা বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৬৩৬ বছরের পুরোনো একটি মসজিদ, ঐতিহাসিক সমাধিসৌধ ও এক ডজনের বেশি মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ২০২৮ সালের সিমহস্থ মহাকুম্ভের প্রস্তুতির নামে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড। গত মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র ড. সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস উচ্ছেদ অভিযানকে বেআইনি ও সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী বলে অভিহিত করেন। খবর মাকতুব মিডিয়ার।

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ভোরে মাধব নগর রেলওয়ে স্টেশন এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে মসজিদ, সমাধিসৌধ ও মাজারগুলো ভেঙে ফেলা হয়। একই অভিযানে মসজিদ কালান্দারি ও মুতাওয়াল্লির বাসভবনও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ওয়াক্‌ফ কমিটির সভাপতি কাজী মাওলানা আরিফ নদভী জানান, জমি নিয়ে বিরোধের মামলা এখনো ভোপালের ওয়াক্‌ফ ট্রাইব্যুনালে বিচারাধীন। এ অবস্থায় উচ্ছেদ অভিযান চালানো অন্যায় বলে দাবি করেন তিনি।

বোর্ডের মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্তদের আইনি ও নৈতিক সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে হাইকোর্টে এ অভিযানের বিরুদ্ধে মামলা করার উদ্যোগেও সমর্থন দেবে সংগঠনটি।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp