রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ বিস্ফোরণে নয়ন নামে এক আইনজীবী আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাজীব বোস নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন আইনজীবী ও স্থানীয় লোকজন।
সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম জানান, আটক ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেওয়ার পর কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানিয়েছেন, সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিস্ফোরণের খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে যান। সংগঠনটির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা এ ঘটনার জন্য আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করে বক্তব্য দিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগেও একই স্থানে বিস্ফোরণ
এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে সূত্রাপুর থানার পুলিশ সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করে।
ওই মামলায় পরে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। নতুন করে একই এলাকায় বিস্ফোরণের ঘটনায় আদালতপাড়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।