সিলেট নগরের ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্য উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও অসংগতি পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান চালায়।
রোববার (২২ নভেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ সময় সিলেট মহানগর পুলিশ সহযোগিতা করে।
একাধিক অনিয়ম ও অসংগতি
অভিযান শেষে দেবানন্দ সিনহা জানান, কয়েকটি অভিযোগের ভিত্তিতে ফেরদৌসী’স কেকে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির কেক তৈরির সামগ্রিক উৎপাদনপ্রক্রিয়া খুব খারাপ না হলেও সেখানে বেশ কিছু অনিয়ম ও অসংগতি পাওয়া গেছে।
তিনি আরও জানান, এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।