বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
অতিথি কলাম

রুপালী গিটার

ডাঃ সাইদ এনাম • ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৯ রাত • পঠিত: ১২৪ বার
রুপালী গিটার
অনেক দিন পর আজ আবার ট্রেনে চড়লাম। অথচ একসময় এই ট্রেনই ছিল আমার নিয়মিত যাতায়াতের বাহন। শুধু সিলেট থেকে কুলাউড়া নয়, ঢাকা থেকে সিলেট, প্রতি সপ্তাহেই একবার আসা-যাওয়া চলত।

সেই গল্পের শুরু এইচএসসি পাসের পর। মেডিকেল কোচিং করতে চলে গিয়েছিলাম ঢাকায়। তখন সিলেটে ভালো মানের প্রফেশনাল মেডিকেল কোচিংয়ের সুযোগ ছিল না।

ঢাকার শাহবাগে ময়মনসিংহ রোডের ২/ক/৮ নম্বর ঠিকানায় একটি কোচিং সেন্টারে ভর্তি হলাম। আবাসিক ব্যবস্থাও ছিল। ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন ছাত্র কঠোর অনুশাসনের মধ্য দিয়ে কোচিং সেন্টারটি পরিচালনা করতেন।

অনুশাসনের নমুনা একটু বলি!

শাহবাগের একেবারে পাশেই তখন মাসব্যাপী একুশে বইমেলা চলছে। কী ভিড়, কী আনন্দ! কিশোর, তরুণ, বৃদ্ধ, সব বয়সের মানুষের মিলনমেলা। কোচিং সেন্টার থেকে হাঁটাপথে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব। অথচ পরিচালকদের কড়া নির্দেশ, বইমেলায় যাওয়া একেবারেই নিষেধ। এক মিনিটের জন্যও নয়!

তাঁদের যুক্তি ছিল, "মেডিকেলে চান্স পেলে সারা জীবন বইমেলায় আসবে, ঘুরবে, আনন্দ করবে। এখন শুধু পড়াশোনা।"

একদিন বিকেলে আবাসিক ছাত্রাবাসের সামনের মাঠে বিশাল প্যান্ডেল, সারি সারি চেয়ার সাজানো হলো। বিকেল গড়াতেই শুরু হলো ড্রামের ধুমধাড়াক্কা শব্দ। হঠাৎ শুনতে পেলাম, এলআরবি (LRB) ব্যান্ড এসেছে। আর গান গাইছেন আইয়ুব বাচ্চু!

আমরা তখন মেডিকেল কোচিংয়ের পড়াশোনায় ব্যস্ত। কিন্তু গানের শব্দ তো আর থামানো যায় না! কেয়ারটেকার মামা দরজা জানালা শক্ত করে বন্ধ করে দিলেন। তবু শব্দ আসছে।

স্বল্প আওয়াজে আইয়ুব বাচ্চুর গান, ‘রুপালী গিটার’!

কনসার্টটি ছিল আমাদের ছাত্রাবাস থেকে মাত্র কয়েক গজ দূরে, মন চাইছিলো, যাই। কিংবা বারান্দায় একটু দাড়াই, দাঁড়ালেই হয়তো দিব্যি দেখা ও শোনা যেত। কিন্তু কঠোর অনুশাসনের বেড়াজালে সেদিন সেই সুযোগ আর হলো না। 

কয়েক গজ দূরেই আইয়ুব বাচ্চু গাইছিলেন, অথচ আমরা ঘরের ভেতর বসে বইয়ের পাতায় চোখ রেখেছিলাম!

যাই হোক  মেডিকেলে ভর্তি হওয়ার পর আর সেসব আক্ষেপ থাকেনি। ঢাকা মেডিকেল কলেজের গ্যালারি কিংবা অডিটোরিয়ামে প্রায় প্রতি মাসেই বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের নামকরা শিল্পী ও ব্যান্ড আসতেন। হাসান, পার্থ, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ কত পরিচিত মুখ, কত গান! তখন আর দরজা-জানালা বন্ধ করে পড়ায় থাকতে হতোনা। কিংবা গানের আওয়াজ বন্ধ করার তাগাদা থাকতো না। মন চাইলে বা হাতে সময় থাকলে একেবারে ঢূ মেরে সামনের সারিতে, আয়েশ করে সোফায় বসে গান উপভোগ করা যেতো।

ঢাকা মেডিকেলে পড়ার সময় বৃহস্পতিবার দুপুরে ইন্টারসিটি ট্রেনে আমরা কয়েকজন বন্ধু সিলেটে চলে আসতাম। আবার শনিবার ঢাকায় ফিরে যেতাম। কামরায় বসে হৈচৈ, গল্প, গিটার বাজানো, দাবা খেলা, কত আয়োজন! এভাবেই কেটে গেছে দীর্ঘ সাতটি বছর।

আজ জরুরি প্রয়োজনে সিলেট থেকে কুলাউড়া আসতে ট্রেনে বসে বসে হঠাৎ সেই দিনগুলোর কথা মনে পড়ছিল।

জীবনের কত পথ পেরিয়ে এসেছি! কত স্টেশন বদলেছে, কত মানুষ হারিয়ে গেছে, কত স্মৃতি জমা হয়েছে মনের অ্যালবামে।

ট্রেনের জানালায় তাকিয়ে মনে হলো, সেসব ফেলে আসা দিন।

‘রুপালী গিটার ফেলে, একদিন চলে যাব দূরে...’

আইয়ুব বাচ্চু চলে গেছেন। তাঁর রুপালী গিটারটি রয়ে গেছে। এভাবেই একদিন সবাই চলে যাবেন, থেকে যাবে সব স্মৃতি, গান, গল্প আর কিছু প্রিয় মুহূর্ত।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp