রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
খেলাধুলা দীর্ঘ দুই দশকের টেস্ট অধ্যায়ের সমাপ্তি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক

ডেস্ক রিপোর্ট • ১৯ ঘণ্টা আগে • পঠিত: ২২ বার
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দীর্ঘ ২১ বছরের পথচলার ইতি টানতে যাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নিচ্ছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। 
২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দীর্ঘ পথ পেরিয়ে প্রায় ২২ বছর পর একই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর টেস্ট অধ্যায়।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ রান সংগ্রাহকের কৃতিত্বও তাঁর দখলে। 

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তাঁর অধিনায়কত্বে সাতটি টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয় এবং ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়েও নেতৃত্বে ছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্ট জয়টিও এসেছিল তাঁর অধিনায়কত্বে। 

ওয়ানডে ক্রিকেট থেকে ২০২৫ সালের মার্চে অবসর নেন মুশফিক। এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণ থেকেও সরে দাঁড়ান তিনি। ইংল্যান্ড সিরিজের পর টেস্ট ছাড়লে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দীর্ঘ অধ্যায়েরও অবসান ঘটবে। 
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: মুশফিকুর রহিম, মুশফিকের অবসর, টেস্ট ক্রিকেট