রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিনোদন

বাঁধনের ওপর হামলার অভিযোগে ইতালিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ, পুলিশের হেফাজতে ফোন

ডেস্ক রিপোর্ট • ১৩ ঘণ্টা আগে • পঠিত: ৪ বার
বাঁধনের ওপর হামলার অভিযোগে ইতালিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ, পুলিশের হেফাজতে ফোন
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের তদন্তে তিন প্রবাসী বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হলেও তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া তিনজন হলেন ইলিয়াস হোসেন, মুহাম্মদ বিপুল ও মনির হাওলাদার। স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনিসের একটি পুলিশ কার্যালয়ে তাঁদের ডেকে পাঠানো হয়। এ সময় একজন বাংলাদেশি দোভাষীও উপস্থিত ছিলেন।

তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি পুলিশ। ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরাও আইনি বিধিনিষেধের কথা উল্লেখ করে কোনো মন্তব্য করেননি।

মোবাইল ফোন নেওয়ার কারণ স্পষ্ট নয়

জিজ্ঞাসাবাদের সময় তিনজনের ব্যবহৃত মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে ফোনগুলো নেওয়া হয়েছে কি না, কিংবা আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়েছে কি না—তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

সেপ্টেম্বরে ভেনিসে হামলার অভিযোগ

গত সেপ্টেম্বরে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি গিয়েছিলেন আজমেরী হক বাঁধন। ৮ সেপ্টেম্বর গভীর রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় স্বজনদের সঙ্গে অবস্থানকালে একদল বাংলাদেশির বিরুদ্ধে তাঁকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ করেন এই অভিনেত্রী।

ঘটনার পরপরই ফেসবুক লাইভে এসে নিজের অভিজ্ঞতার কথা জানান বাঁধন। পরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে বাঁধনের অভিযোগের পর ইতালিতে বাংলাদেশের দূতাবাস ও মিলান কনস্যুলেট থেকেও তাঁকে আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছিল। 

তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ এবং তাঁদের মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়ার খবর প্রকাশের পর ঘটনাটি নিয়ে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: জমেরী হক বাঁধন, বাঁধনের ওপর হামলা, ইতালি