টিকটকে অবৈধ অভিবাসনে উৎসাহ দেওয়ার অভিযোগে মো. হাসান (২৭) নামের এক বাংলাদেশির রেসিডেন্স পারমিট বাতিল করেছে গ্রিস সরকার। একই সঙ্গে তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে। পরে বাংলাদেশ ও পাকিস্তানের প্রায় ৫০ জন অননুমোদিত অভিবাসীকে নিয়ে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।
গ্রিসের অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় গ্রিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন হাসান। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, গ্রিসের নাফপ্লিও শহরে কাজের সুবাদে তাঁদের অবস্থান বেশ সুবিধাজনক। বৈধ কাগজপত্র না থাকলেও অন্যরা সহজেই সেখানে আসতে পারবেন। এমনকি দীর্ঘদিন অবস্থান করলেও পুলিশ তাঁদের খুঁজে পাবে না বলেও দাবি করেন তিনি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গ্রিক প্রশাসনের নজরে আসে। পরে পুলিশ হাসানকে শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে তাঁর রেসিডেন্স পারমিট বাতিল করা হয় এবং রাজনৈতিক আশ্রয়ের আবেদনও নাকচ করা হয়।
চার-পাঁচ বছর ধরে ছিলেন গ্রিসে
জানা গেছে, মৌলভীবাজারের বাসিন্দা হাসান চার থেকে পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন। তবে টিকটকে প্রকাশিত ওই ভিডিওকে কেন্দ্র করে দেশটির অভিবাসন আইনের আওতায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস জানান, অবৈধ অভিবাসন ঠেকাতে সরকারের চলমান কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের নিয়ে বিশেষ চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হয়েছে। ওই ফ্লাইটে প্রায় ৫০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ
ঘটনাটি ঘিরে গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সচেতন ব্যক্তিদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে গ্রিসে প্রবেশের সুযোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে অন্য প্রবাসীরাও নেতিবাচক পরিস্থিতির মুখে পড়তে পারেন।
তাঁদের আশঙ্কা, ব্যক্তিগতভাবে এ ধরনের কর্মকাণ্ডের দায় পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলতে পারে।