সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
মৌলভীবাজার কুলাউড়ায় ‘গড়বো কুলাউড়া’র উদ্যোগে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপিং ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

কুলাউড়ায় ‘গড়বো কুলাউড়া’র উদ্যোগে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপিং ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

কুলাউড়া ডেস্ক • ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ সকাল • পঠিত: ৩৪ বার
কুলাউড়ায় ‘গড়বো কুলাউড়া’র উদ্যোগে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপিং ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
সামাজিক সংগঠন ‘গড়বো কুলাউড়া’র উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা, দাঁতের স্বাস্থ্য পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্থানীয় মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আশরাফুল আলম রাজা। এ সময় আরও বক্তব্য দেন ভূকশিমইল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান এবং ‘গড়বো কুলাউড়া’র প্রতিষ্ঠাতা মু. নিজাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ আশরাফুল আলম রাজা বলেন, “আমাদের গ্রামের মানুষকে আরও বেশি স্বাস্থ্যসচেতন হতে হবে। সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে আমরা একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আদর্শ মডেল ভূকশিমইল গড়ে তুলতে চাই।”

আয়োজকেরা জানান, এ স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ২ নম্বর ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আশরাফুল আলম রাজা, ডেন্টিস্ট জাহিদুল ইসলাম, গাজী ডেন্টাল চেম্বার, কুলাউড়া, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ এনাম এবং মো. জাকির হোসেনসহ আরও অনেকে।

‘গড়বো কুলাউড়া’র প্রতিষ্ঠাতা সদস্য আবু বক্কর মোহাম্মদ সিপনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেদোয়ান উদ্দিন জুবায়ের, সাইফুল ইসলাম, জিসান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ‘গড়বো কুলাউড়া’ একটি সামাজিক সংগঠন হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp