রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক আইবিএমের ভিসা স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্টে অনিশ্চয়তায় হাজারো অবৈধ অভিবাসী

ডেস্ক রিপোর্ট • ১৪ ঘণ্টা আগে • পঠিত: ৩০ বার
যুক্তরাষ্টে অনিশ্চয়তায় হাজারো অবৈধ অভিবাসী
যুক্তরাষ্ট্রে আইবিএমের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো ভারতীয় প্রযুক্তি পেশাজীবী। ক্ষতিগ্রস্ত কর্মীদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে স্থানান্তরিত হয়ে কাজ চালিয়ে যাওয়া অথবা চাকরি ছাড়ার বিকল্প দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী নিয়ে পরিচালিত আইবিএমের বৃহত্তম ব্যবসায়িক বিভাগ কনসাল্টিংয়ে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে ঠিক কতজন কর্মী এতে ক্ষতিগ্রস্ত হবেন, তা জানায়নি প্রতিষ্ঠানটি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের অন্য দেশে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নিতে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা বিদেশে কাজ করতে রাজি হবেন না, তাদের তিন মাসের ছাঁটাইকালীন ক্ষতিপূরণ দেওয়া হবে।

আইবিএমের দাবি, পরিবর্তিত ব্যবসায়িক চাহিদা এবং দক্ষ কর্মীর সহজলভ্যতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটির অন্য বিভাগগুলোতে ভিসা স্পনসরশিপ বন্ধের ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে আইবিএমের ক্যারিয়ার পোর্টালে যুক্তরাষ্ট্রের বাইরে ১ হাজার ২৭৮টি কনসাল্টিং পদ খালি রয়েছে বলে গত ১৯ নভেম্বরের এক প্রতিবেদনে জানিয়েছে ‘রেস্ট অব ওয়ার্ল্ড’। এর মধ্যে ১ হাজার ১২৫টি পদ ভারতে। ফলে স্থানান্তরে আগ্রহী কর্মীদের জন্য ভারত গুরুত্বপূর্ণ গন্তব্য হতে পারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কঠোরতা এবং প্রযুক্তি খাতের পরিবর্তিত নিয়োগ পরিস্থিতির মধ্যে আইবিএমের এ সিদ্ধান্ত বিদেশি কর্মীদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে যেসব ভারতীয় পেশাজীবী এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের জন্য নিয়োগকর্তার ওপর নির্ভরশীল, তাদের ক্যারিয়ার পরিকল্পনায় এর প্রভাব পড়তে পারে।

তথ্যসূত্র: এনডিটিভি ও স্ট্যান্ডার্ড বিজনেস।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp