রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পুতিনকে বন্ধু হিসেবে উপস্থাপন করা অস্বাভাবিক। এ প্রসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারকে বন্ধু বলার উদাহরণও টেনেছেন তিনি।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর হতাশা প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে বিলম্বের কারণে ইউক্রেনের বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে। শান্তি আলোচনায় রাশিয়ার ওপর ওয়াশিংটন যথেষ্ট চাপ দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।
কিইভে নিজের কার্যালয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
পুতিনকে বন্ধু বলা ‘অদ্ভুত’
সাক্ষাৎকারে ট্রাম্পের সাম্প্রতিক একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের প্রসঙ্গ তোলেন জেলেনস্কি। ওই পোস্টে পুতিনের সঙ্গে ট্রাম্পের একটি ছবি দিয়ে ক্যাপশনে ‘মাই ফ্রেন্ড’ (আমার বন্ধু) লেখা হয়েছিল।
এ বিষয়ে জেলেনস্কি বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও তাঁর কাছে এটি অত্যন্ত অদ্ভুত মনে হয়েছে। পুতিনকে ‘আগ্রাসী ও খুনি’ আখ্যা দিয়ে তিনি বলেন, এমন একজন ব্যক্তি কখনো বন্ধু হতে পারেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারকে বন্ধু বলার মতোই পুতিনকে বন্ধু হিসেবে তুলে ধরা অস্বাভাবিক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন জেলেনস্কি। চলমান শান্তি আলোচনায় ট্রাম্পের দূতেরা কিইভের তুলনায় মস্কোর অবস্থানের প্রতি বেশি নমনীয়তা দেখাচ্ছেন বলেও তাঁর ধারণা।
শান্তি আলোচনায় রাশিয়ার ওপর চাপ বাড়ানোর আহ্বান
চলতি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার সর্বশেষ দফায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আগামী ডিসেম্বরে আবারও আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে নতুন আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরা অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
অন্যদিকে, বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে তিনি ইউরোপজুড়ে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তিচুক্তিরও ‘জোরালো সম্ভাবনা’ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে রাশিয়া প্রকাশ্যে এখনো তাদের আগের কঠোর অবস্থান থেকে সরে আসেনি।
জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে পারে—এমন মিত্রদের ইউক্রেনের পাশে দাঁড়ানো প্রয়োজন। তাঁর মতে, কোনো আগ্রাসীর প্রতি অতিরিক্ত নিরপেক্ষ অবস্থান নেওয়ার অর্থ হলো একই সঙ্গে আগ্রাসী ও আক্রান্ত—উভয় পক্ষকেই সমর্থন করা।
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সংকট নিয়ে ক্ষোভ
জেলেনস্কির দাবি, ইউক্রেনের সামরিক বাহিনী বর্তমানে রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ইন্টারসেপ্টরের বড় ধরনের সংকট রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র সরবরাহেও বিলম্ব হচ্ছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় বেশি মনোযোগ দিচ্ছে এবং সেখানে তুলনামূলক বেশি সহায়তা দিচ্ছে। প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের ঘাটতি ইউক্রেনের মানুষের প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
স্টারলিংক ব্যবহারে সীমাবদ্ধতা
অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্টারলিংক এবং এর সামরিক সংস্করণ স্টারশিল্ড ব্যবহারে এখনো সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।
তাঁর ভাষ্য অনুযায়ী, এ সীমাবদ্ধতার কারণে ইউক্রেনের ড্রোন ইউনিটগুলো রাশিয়ার শাহেদ ড্রোন প্রতিহত করতে সমস্যায় পড়ছে। ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোনগুলো দ্রুতগতির রুশ ড্রোনকে অনুসরণ করতে না পারায় সেগুলো দেশের অভ্যন্তরে আরও গভীরে প্রবেশের সুযোগ পাচ্ছে।
এ বিষয়ে কারা দায়ী—জানতে চাইলে জেলেনস্কি বলেন, প্রযুক্তিগতভাবে বিষয়টি স্পেসএক্সের সঙ্গে সংশ্লিষ্ট। তবে রাজনৈতিকভাবে কার সিদ্ধান্তে এ সীমাবদ্ধতা রয়েছে, তা তিনি নিশ্চিত নন। তাঁর ভাষায়, বিষয়টি অনেকটা পিং-পং খেলার মতো; এক পক্ষের কাছে জানতে চাইলে তারা অন্য পক্ষের কথা বলে।
রুশ যুদ্ধজাহাজে হামলাকে বৈধ লক্ষ্যবস্তু বললেন
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার তেল শোধনাগার এবং অস্ত্র ও জ্বালানিবাহী জাহাজে দূরপাল্লার হামলা বাড়িয়েছে ইউক্রেন। চলতি সপ্তাহে পূর্ব লিবিয়ায় নোঙর করা রাশিয়ার যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ডুবিয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর আশঙ্কা, এ ধরনের হামলায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।
তবে ওই হামলার পক্ষে অবস্থান নিয়ে জেলেনস্কি রুশ যুদ্ধজাহাজটিকে ‘সম্পূর্ণ ন্যায্য লক্ষ্যবস্তু’ বলে বর্ণনা করেছেন। এ ধরনের অভিযান ঝুঁকিপূর্ণ স্বীকার করলেও মিত্রদের সঙ্গে সমন্বয় ছাড়া ইউক্রেনীয় বাহিনী কোনো হামলা চালায় না বলে দাবি করেন তিনি।
কঠিন শীতের আশঙ্কা, কিইভ রক্ষার অঙ্গীকার
আসন্ন শীত মৌসুম ইউক্রেনের জন্য অত্যন্ত কঠিন ও বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন জেলেনস্কি। তাঁর অভিযোগ, কিইভকে দুই ভাগে বিচ্ছিন্ন করার লক্ষ্য নিয়ে রাশিয়া নিপ্রো নদীর ওপর থাকা সেতুগুলোতে হামলা চালাচ্ছে।
বিদ্যুৎ বিভ্রাট ও অবকাঠামোর ক্ষতির কারণে রাজধানীর বড় একটি অংশ অন্ধকারে রয়েছে। পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। শীতের তীব্রতা বাড়ার আগেই অনেক বাসিন্দা শহর ছেড়ে চলে গেছেন।
তবে যেকোনো পরিস্থিতিতে রাজধানী রক্ষার অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, রাশিয়া চায় ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক। সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারেন, কিন্তু সরকার যেকোনো উপায়ে রাজধানী রক্ষা করবে। কারণ রাজধানী ছাড়া কোনো দেশের অস্তিত্ব থাকে না।