সিলেটে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী প্রীতি পেনাল্টি শুটআউট। এতে গোলরক্ষকের ভূমিকায় থাকা সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বিসিবি পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর শট ঠেকিয়ে দেন। তবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শট জালে জড়ায়।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সিলেটের ১৩টি উপজেলা ও সিটি করপোরেশন মিলিয়ে মোট ১৪টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতিতে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর প্রীতি পেনাল্টি শুটআউট দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে।
চার জনপ্রতিনিধির পেনাল্টি, গোলরক্ষক কাইয়ুম
উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্ত্রীদের পেনাল্টি শুটআউটের প্রস্তাব দেন। তিনি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং নিজেও পেনাল্টি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাঁর প্রস্তাবের পরই মাঠে আয়োজন করা হয় প্রীতি শুটআউটের।
এতে প্রথম শট নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. আমিনুল হক। তাঁর নেওয়া শটটি ঠেকাতে পারেননি গোলরক্ষক কাইয়ুম চৌধুরী। দ্বিতীয় শটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও গোল করেন।
তৃতীয় শটে আরিফুল হক চৌধুরীর কিকটি দক্ষতার সঙ্গে আটকে দেন কাইয়ুম চৌধুরী। তাঁর এই সাফল্যে স্টেডিয়ামজুড়ে করতালি পড়ে।
সবশেষে পেনাল্টি নিতে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর শটটি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে প্রবেশ করলে দর্শকেরা উল্লাসে মেতে ওঠেন।
সভাপতিত্বে কাইয়ুম, উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। এ সময় সংসদ সদস্য এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।