স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বা ‘আনফিট’ কর্মীকে কাগজে-কলমে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে বলে সতর্ক করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জিরো কস্টে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ
আরিফুল হক চৌধুরী জানান, কোনো অভিবাসন ব্যয় ছাড়াই (জিরো কস্ট) ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ
প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে একটি ল ফার্ম গঠনের কাজ চলছে বলে জানান মন্ত্রী। যুদ্ধ কিংবা দুর্ঘটনায় বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশি নিহত হলে তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, নিহত প্রত্যেক প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশে থাকা প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অগ্রাধিকার দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান—দুই মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।