দেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হওয়ায় তা শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হলে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হতো।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য নিরপেক্ষ বিচারব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ নির্বাচন কমিশন অপরিহার্য। এসব প্রতিষ্ঠান কার্যকরভাবে প্রতিষ্ঠিত হলে ডা. মিলনের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হতো। তাঁর চেতনা পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মানুষকে অনুপ্রাণিত করেছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর বলে মন্তব্য
গণতন্ত্র প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অপেক্ষাকৃত কার্যকর বলে উল্লেখ করেন রিজভী। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যে নিজেরাই এ ব্যবস্থা বাতিল করেছিল।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।