দেশে অস্থিতিশীলতা ও অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইজিপি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, দৃঢ় মনোবল ও প্রত্যয় নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব
অনুষ্ঠানে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে পুলিশপ্রধান বলেন, ক্রীড়া চর্চা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার ইতিবাচক ভূমিকা রয়েছে।
ক্রীড়াক্ষেত্রে ভালো ফল অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্ব দেন তিনি। প্রতিযোগিতায় অংশ নেওয়া পুলিশ সদস্যদের নৈপুণ্যের প্রশংসা করে আইজিপি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
চার ইভেন্টে বিজয়ী যারা
চূড়ান্ত প্রতিযোগিতায় জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ইভেন্টে রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ।
তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি), রানারআপ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। উশুতে ডিএমপি চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম রেঞ্জ রানারআপ হয়েছে। অন্যদিকে কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানারআপ হয়েছে সিএমপি।
এর আগে গত ৮ নভেম্বর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও দর্শকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পুলিশের এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) এবং ক্লাবের সম্পাদক এ এন এম মারুফ আব্দুল্লাহ। এ ছাড়া শিশুরা অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শন করে।