শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

মাছ-মাংস কেনা এখন বিলাসিতা, চড়া দামে বিপাকে সাধারণ ক্রেতারা

ডেস্ক রিপোর্ট • ৫ ঘণ্টা আগে • পঠিত: ১ বার
মাছ-মাংস কেনা এখন বিলাসিতা, চড়া দামে বিপাকে সাধারণ ক্রেতারা
শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও রাজধানীর বাজারে দামের চাপ কমেনি। বেগুন, শিম, করলা, টমেটোসহ বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। অন্যদিকে মাছ, মাংস ও ডিমের দামও ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না। ফলে সীমিত আয়ের মানুষের নিত্যদিনের বাজার খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার করতে আসা ক্রেতাদের অভিযোগ, অল্প কিছু সবজি কিনতেই অনেক টাকা খরচ হচ্ছে। মাছ-মাংস কেনার সামর্থ্যও অনেক পরিবারের কমে গেছে।

বাজারে আসা ক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, বাজারে ঢুকলেই মনে হয় পকেটের সব টাকা শেষ হয়ে যাবে। এক কেজি বেগুন, সামান্য শিম ও প্রয়োজনীয় কয়েকটি সবজি কিনতেই অনেক টাকা চলে যাচ্ছে। পরিবারের চাহিদা থাকলেও দামের কারণে মাছ-মাংস কেনা এখন প্রায় বিলাসিতার মতো হয়ে দাঁড়িয়েছে।

বেগুন-শিমের দাম ১০০ টাকা, নতুন আলু ১২০

রাজধানীর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা, শিম ১০০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা এবং করলা ১০০ টাকায়।

এ ছাড়া টমেটো ১২০ টাকা, নতুন আলু ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ১২০ টাকা, গাজর ৮০ থেকে ১২০ টাকা, শসা ৬০ টাকা এবং ঢ্যাঁড়স ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব সবজির মধ্যে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে।

সবজি বিক্রেতা রফিক উদ্দিন জানান, শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও সব ধরনের পণ্যের দাম এখনও কমেনি। বিশেষ করে নতুন আলু, বেগুন, করলা ও বরবটির দাম বেশি। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও দাম কমানো যাচ্ছে না। সরবরাহ আরও বাড়লে কিছু সবজির দাম কমতে পারে বলে আশা করছেন তিনি।

মাছের বাজারেও স্বস্তি নেই

রাজধানীর বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙাশ ২০০, বড় পাঙাশ ২৭০ এবং কাতলা আকারভেদে ৩০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি ও সামুদ্রিক মাছের দাম আরও বেশি। আইড় মাছ ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাগরের পাঙাশের দাম কেজিতে ১ হাজার ২০০ টাকা।

মাছ বিক্রেতা নাজিমুদ্দিন বলেন, বাজারে মাছের সরবরাহ থাকলেও দাম খুব একটা কমছে না। বিশেষ করে দেশি ও বড় আকারের মাছের দাম বেশি। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও দাম বেশি রাখতে হচ্ছে। এতে অনেক ক্রেতা মাছ কেনার পরিমাণ কমিয়ে দিয়েছেন।

ক্রেতা রবিউল আলম জানান, তিনি শোল মাছ কিনেছেন ৬০০ টাকা কেজি দরে। পাশাপাশি পাঙাশ কিনেছেন ২৭০ টাকা কেজিতে। তাঁর মতে, ছোট পাঙাশের দাম তুলনামূলক কম।

মুরগি ও ডিমের দাম

মাছের পাশাপাশি মুরগির বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দামও আগের মতো রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

এদিকে বাজারে প্রতি ডজন সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা এবং লাল ডিম ১৫০ টাকায়। মাংস বিক্রেতা নাজমুল হক মিয়া জানান, মাংসের দাম আগের মতোই রয়েছে; বাড়েনি, আবার কমেওনি।

সব মিলিয়ে শীতের সবজির সরবরাহ বাড়লেও রাজধানীর বাজারে মাছ, মাংস ও বেশ কিছু সবজির উচ্চমূল্য সাধারণ ক্রেতাদের চাপে রেখেছে। আয়-ব্যয়ের সঙ্গে বাজার খরচের হিসাব মেলাতে গিয়ে সীমিত আয়ের পরিবারগুলোকে প্রয়োজনীয় খাদ্যপণ্য কেনার ক্ষেত্রেও কাটছাঁট করতে হচ্ছে। 
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp