শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় মন্ত্রীসহ নিহত ১০, পাল্টা জবাবের আলোচনা করবে হামাস

ডেস্ক রিপোর্ট • ৫ ঘণ্টা আগে • পঠিত: ১ বার
গাজায় ইসরায়েলি হামলায় মন্ত্রীসহ নিহত ১০, পাল্টা জবাবের আলোচনা করবে হামাস
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও গাজায় টানা তৃতীয় রাতের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলা ও গুলিতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজার উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা। ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছে হামাস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী নিহত হন। হামাসের জ্যেষ্ঠ এই কর্মকর্তা মঙ্গলবারের পর থেকে ইসরায়েলি হামলায় নিহত সংগঠনটির তৃতীয় শীর্ষস্থানীয় নেতা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে হামাসের নিরাপত্তা বিভাগের আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলি হামলায় নিহত হন।

পাল্টা জবাবের বিষয়ে গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা

হামাসপ্রধান খলিল আল-হাইয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের অব্যাহত হামলার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় হত্যা ও অবরোধের এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

গত জুলাইয়ে হামাসের শীর্ষ নেতৃত্বে আসা খলিল আল-হাইয়া জানান, ইসরায়েলের চুক্তি লঙ্ঘন এবং প্রতিদিন হত্যার নীতির জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে হামাস। তবে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

২০২৫ সালে কাতারে ইসরায়েলের এক বিমান হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান খলিল আল-হাইয়া। ওই হামলায় তাঁর ছেলে ও কয়েকজন সহযোগী নিহত হয়েছিলেন।

গাজায় হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ এবং যুদ্ধবিরতি চুক্তির নিশ্চয়তাদানকারী দেশগুলোর সমালোচনা করেন হামাসপ্রধান। তিনি বলেন, ইসরায়েলের হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে তাদের নীরবতা গ্রহণযোগ্য নয়।

খালেদ আবু নাদার মৃত্যুতে হামাসের প্রতিক্রিয়া

খালেদ আবু নাদার মৃত্যুর খবর নিশ্চিত করে হামাস এক বিবৃতিতে জানায়, শিক্ষাবিদ ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা ইসরায়েলের একটি গুরুতর অপরাধ। সংগঠনটি এ হত্যাকাণ্ডকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলেও উল্লেখ করেছে।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, খালেদ আবু নাদা হামাসের অর্থনৈতিক কার্যক্রম তদারক করতেন। সংগঠনটির ব্যাংকিং ও বিনিয়োগ নেটওয়ার্ক পরিচালনার পাশাপাশি সামরিক কর্মকাণ্ডে অর্থায়নের দায়িত্বেও ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি ইসরায়েলের।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ হামলা করা হয়েছে। গত এক মাসে প্রায় ৮০ জন হামাস যোদ্ধাকে হত্যার দাবি করে তিনি বলেন, হামাসের কোনো নেতাই ইসরায়েলের নাগালের বাইরে নন।

গাজার বিভিন্ন এলাকায় আরও হামলা, নিহত ৮

চিকিৎসাকর্মীদের তথ্য অনুযায়ী, দেইর আল-বালাহ ছাড়াও বুধবার রাত ও বৃহস্পতিবার গাজা সিটির তুফাহ এলাকা, আল-শাতি শরণার্থীশিবির এবং শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও সাতজন নিহত হয়েছেন।

এ ছাড়া পূর্ব বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬২ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। সব মিলিয়ে হামলা ও গুলিতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় চিকিৎসাকর্মীরা।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও গাজায় সহিংসতা থামেনি। ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, চুক্তি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি এবং পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp