শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ পরিবার

ডেস্ক রিপোর্ট • ৫ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ পরিবার
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শক্তিশালী ঝড়, ভারী বৃষ্টি ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। থ্যাংকসগিভিং ছুটির মধ্যে বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে প্রায় ১০ লাখ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট, বিলম্বিত হয়েছে আরও ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা ঝড়ের প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল বেগে বাতাস বয়ে যায়। প্রবল বৃষ্টিতে উপকূলীয় বিভিন্ন এলাকায় দেখা দেয় বন্যা। ঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও নিউ জার্সি অঙ্গরাজ্য।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৪৫১টি ফ্লাইট বাতিল করা হয়। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট মিলিয়ে বিলম্বিত হয় আরও ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট। সপ্তাহজুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আগেই সতর্ক করেছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

চার অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

ঝড় ও বন্যার কারণে নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।

নিউ জার্সির জার্সি শোর এলাকার বেশ কয়েকটি জনপদ বন্যায় প্লাবিত হয়েছে। তীব্র বাতাসের কারণে মেরিল্যান্ডের কয়েকটি সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। ডেলাওয়্যারের সমুদ্রসৈকত ও বোর্ডওয়াক এলাকায়ও ঢেউয়ের পানি উঠে এসেছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী ‘মেসিস থ্যাংকসগিভিং প্যারেড’ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ ও পানি সরবরাহে সংকট

ঝড়ের কারণে বৃহস্পতিবার রাত নাগাদ যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সংযোগ পুনঃস্থাপনে কাজ শুরু করলেও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে না পারায় কোথাও কোথাও মেরামতকাজে বিলম্ব হচ্ছে।

ভার্জিনিয়া ও নিউ জার্সির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিনও লাগতে পারে। এদিকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে মেরিল্যান্ডের পানি সরবরাহকারী সংস্থা প্রায় ২০ লাখ গ্রাহককে জরুরি প্রয়োজন ছাড়া পানি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শ্যাপিরো জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ঝড় মোকাবিলায় পূর্ব উপকূলের জন্য জরুরি তহবিল ছাড়ের বিষয়টি বিবেচনা করবেন।

পশ্চিম উপকূলেও ঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও নতুন করে বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর। প্রশান্ত মহাসাগর থেকে আসা ধারাবাহিক ঝড়ের প্রভাবে বৃষ্টি, পাহাড়ি এলাকায় তুষারপাত ও প্রবল বাতাস বয়ে যেতে পারে।

ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় অস্বাভাবিক উচ্চতার জোয়ারের কারণে বন্যার আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় পানির উচ্চতা ৮ ফুটের বেশি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। উচ্চ জোয়ারের কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ‘অ্যামট্র্যাক প্যাসিফিক সার্ফলাইনার’ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করেছে।

এ ছাড়া প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চল এবং কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশেও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp