শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

সিলেটের ১০ উপজেলাসহ দেশের ১৫০ উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের টিফিন দেবে

ডেস্ক রিপোর্ট • ৫ ঘণ্টা আগে • পঠিত: ১ বার
সিলেটের ১০ উপজেলাসহ দেশের ১৫০ উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের টিফিন দেবে
সিলেট বিভাগের ১০টি উপজেলাসহ দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এ কর্মসূচির আওতায় সপ্তাহে পাঁচ দিন ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। তিন বছর মেয়াদি এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৫২ কোটি টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত কর্মসূচিতে সপ্তাহে একজন শিক্ষার্থীর খাবারের পেছনে ব্যয় হচ্ছে ১৮৯ টাকা ৬০ পয়সা। সে হিসাবে দৈনিক গড় ব্যয় ৩৭ টাকা ৯২ পয়সা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্রে এ তথ্য জানানো হয়। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছর এ কর্মসূচি চলার কথা রয়েছে।
সিলেট বিভাগের যেসব উপজেলায় কর্মসূচি
কর্মসূচির আওতায় সিলেট বিভাগের যেসব উপজেলা রয়েছে, সেগুলো হলো—সিলেটের গোলাপগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়া ও শ্রীমঙ্গল, হবিগঞ্জের বাহুবল এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা ও শান্তিগঞ্জ।

এ ছাড়া দেশের আট বিভাগের ৬২ জেলার ১৫০টি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুবিধা পাচ্ছে। মোট ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী কর্মসূচির আওতাভুক্ত।
সপ্তাহজুড়ে থাকছে যেসব খাবার
শিক্ষার্থীদের বয়স, দৈনিক পুষ্টির চাহিদা, স্থানীয়ভাবে খাবারের প্রাপ্যতা এবং নিরাপদে সংরক্ষণের বিষয় বিবেচনায় নিয়ে খাবারের তালিকা তৈরি করা হয়েছে। স্কুল চলাকালে পুষ্টিসমৃদ্ধ ফর্টিফায়েড বিস্কুট, ইউএইচটি দুধ, বনরুটি, সিদ্ধ ডিম, কলা ও স্থানীয় মৌসুমি ফল দেওয়া হচ্ছে।

সাপ্তাহিক খাবারের তালিকা অনুযায়ী, রোববার বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ, মঙ্গলবার বনরুটি ও সিদ্ধ ডিম, বুধবার ফর্টিফায়েড বিস্কুটের সঙ্গে কলা অথবা স্থানীয় মৌসুমি ফল এবং বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম দেওয়া হয়।
আগের কর্মসূচির ধারাবাহিকতায় নতুন উদ্যোগ
বাংলাদেশে ২০০১ সালে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আর্থিক ও কারিগরি সহায়তায় প্রথম স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়। এটি ২০১০ সাল পর্যন্ত চলে। পরে ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত দারিদ্র্যপীড়িত এলাকায় আরেকটি কর্মসূচি চালু ছিল, যার আওতায় শিক্ষার্থীদের উচ্চমানের বিস্কুট সরবরাহ করা হতো।

নতুন কর্মসূচিতে বিস্কুটের পাশাপাশি দুধ, ডিম, রুটি ও ফলের মতো বিভিন্ন পুষ্টিকর খাবার যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ শিশুদের পুষ্টির চাহিদা পূরণ এবং শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: স্কুল ফিডিং কর্মসূচি, প্রাথমিক বিদ্যালয়, শিক্ষার্থীদের টিফিন