বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ফ্লাইটে মালয়েশিয়া গেলেন ১১২ বাংলাদেশি কর্মী

ডেস্ক রিপোর্ট • ৫ ঘণ্টা আগে • পঠিত: ১ বার
বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ফ্লাইটে মালয়েশিয়া গেলেন ১১২ বাংলাদেশি কর্মী
সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির প্রথম ফ্লাইটে ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং কর্মীদের বিদায় জানান।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। কর্মীদের বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন—এই আশা করি।’

৪ হাজারের বেশি আবেদন থেকে নির্বাচিত ১১২ জন

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই কর্মী নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে। মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রথমে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। নিয়োগকর্তার পক্ষ থেকে কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধাও দেওয়া হবে।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, কর্মীদের ভিসা, বিমানভাড়া, স্বাস্থ্য পরীক্ষা, প্রশিক্ষণ, বিমা ও অন্যান্য অভিবাসনসংক্রান্ত ব্যয় নিয়োগকর্তা বহন করছে। ফলে এই কর্মসূচির আওতায় কর্মীদের নিজেদের কোনো অভিবাসন ব্যয় দিতে হচ্ছে না। এতে প্রত্যেক কর্মীর প্রায় ২ লাখ টাকা সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডিসেম্বরে যাবেন আরও ২২৫ কর্মী

এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। বোয়েসেল ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন, টপ গ্লাভে ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন এবং ইউনাইটেড প্ল্যান্টেশনে ৫২৫ জন কর্মী নিয়োগের চাহিদা রয়েছে।

দীর্ঘ বিরতির পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে। অতীতে কর্মী নিয়োগে অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগে দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এবার সরকারি সংস্থা বোয়েসেলের মাধ্যমে স্বচ্ছ ও মধ্যস্বত্বভোগীমুক্ত প্রক্রিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, অর্থের অভাবে যেন যোগ্য ও দক্ষ কোনো কর্মী বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত না হন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২ জুন মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে একমত হন। 
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp