সিলেট নগরের সোবহানীঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সহসভাপতি সুফিয়ান আহমেদ পান্নাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সুফিয়ান আহমেদ পান্নার বয়স ৪৯ বছর। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর সরকার বাড়ির মৃত আশ্রাফ আলী সরকার ও রাশিদা বেগমের ছেলে। বর্তমানে নগরের সোবহানীঘাট এলাকার ২৭ নম্বর মৌবন আবাসিক এলাকায় বসবাস করতেন।
তিন মামলায় এজাহারভুক্ত আসামি
পুলিশের তথ্য অনুযায়ী, কোতোয়ালী মডেল থানায় গত ৬ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে পান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ১৫ এবং জিআর নম্বর ৫৩৪।
সিলেট মহানগর পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় দণ্ডবিধির দুটি এবং দ্রুত বিচার আইনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।