মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৮৪৯/১৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর এলাকায় টহল দলটি বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় তামাকজাত পণ্য উদ্ধার করা হয়।
চোরাকারবারিদের শনাক্তে তৎপরতা
জব্দ করা পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অভিযানের সময় পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।