শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের জন্য অ্যাম্বুলেন্স চালু, সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট • ৫ ঘণ্টা আগে • পঠিত: ১ বার
ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের জন্য অ্যাম্বুলেন্স চালু, সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের উদ্যোগ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সরকার। এবার বিমানবন্দরে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রবাসীদের আইনি সহায়তায় ল ফার্ম গঠনের উদ্যোগ

মন্ত্রী জানান, বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে একটি ল ফার্ম গঠনের কাজ চলছে। পাশাপাশি বিদেশে কোনো প্রবাসী কর্মী মারা গেলে তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৈধ-অবৈধ নির্বিশেষে বিদেশে মারা যাওয়া প্রত্যেক প্রবাসী কর্মীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে বিএমইটি কার্ড বা নিবন্ধন থাকা বাধ্যতামূলক হবে না। মরদেহ দেশে পৌঁছানোর পর দাফন বা সৎকারের জন্য এ অর্থ দেওয়া হবে বলে জানান তিনি।

প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।

সিলেট-তামাবিল সড়ক প্রকল্প চালুর কথা জানালেন মন্ত্রী

বৃহত্তর সিলেটের অবকাঠামো ও পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী জানান, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে আধুনিক বিশ্রামাগার এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যে দৃশ্যমান হবে। এ ছাড়া সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে জন্য তাঁর দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

বিদেশে কর্মী পাঠাতে অনিয়মে কঠোর ব্যবস্থা

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠাতে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে আনফিট কর্মীকে ফিট দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে।

তিনি আরও জানান, সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে ১১২ জন কর্মী ইতোমধ্যে মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি কর্মী দল পাঠানোর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কামরুল হাসান তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদ, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp