শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি

ডেস্ক রিপোর্ট • ১৮ ঘণ্টা আগে • পঠিত: ৪ বার
গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
গোপালগঞ্জে সহিংসতা, সরকারি স্থাপনা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোপালগঞ্জ বেজ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান।

শুক্রবার (২৭ নভেম্বর) টহল কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান বলেন, বিজিবি সদস্য, সরকারি স্থাপনা, যানবাহন কিংবা সাধারণ মানুষের জানমালের ওপর কোনো ধরনের হামলা হলে সংশ্লিষ্ট বাহিনীগুলো সম্মিলিতভাবে কঠোর ব্যবস্থা নেবে।

তিনি জানান, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ এড়াতে ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম ও পরিস্থিতি তাৎক্ষণিক পর্যালোচনায় বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

সমন্বিত টহল ও প্রযুক্তিনির্ভর নজরদারি

বিজিবির এই কর্মকর্তা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পাশাপাশি পুলিশ, জেলা প্রশাসন, আনসার ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সমন্বিতভাবে কাজ করছে। প্রতিদিন একাধিকবার বিভিন্ন এলাকায় যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।

ড্রোনের মাধ্যমে আকাশপথে বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি টহল দলের সঙ্গে ড্রোন রাখা হচ্ছে এবং সদস্যদের শরীরে থাকা ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

বিজিবির টহলদলের ওপর হামলার অভিযোগে ৫ হাজার ৮ জনের বিরুদ্ধে মামলা

এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস এবং সরঞ্জাম লুটের অভিযোগে ৫ হাজার ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৫ হাজার জন অজ্ঞাতপরিচয় আসামি।

বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে ২৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। অনলাইনে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।

মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামসুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস ওরফে কালুসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ার নিলফা বাজার এলাকায় বিজিবির টহলদলের পথ আটকে হামলা চালানো হয়। এ সময় বিজিবি সদস্যদের ওপর হামলার পাশাপাশি তাদের একটি সাঁজোয়া যান ও একটি জিপে আগুন দেওয়া হয়। এতে চার বিজিবি সদস্য আহত হন।

অভিযোগে আরও বলা হয়েছে, আগুনে বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সাঁজোয়া যান সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা তিনটি এসএমজি ম্যাগাজিনসহ ৯০ রাউন্ড গুলিও নষ্ট হয়। এ ছাড়া অন্য একটি সাঁজোয়া যান ও পিকআপের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিজিবির যানবাহনে থাকা সরকারি ল্যাপটপ, ওয়াকিটকি, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও করা হয়েছে। মামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। 
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp