রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন

হ্যাকিংয়ের শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’, ঝুঁকিতে সামরিক তথ্য

ডেস্ক রিপোর্ট • ২১ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
হ্যাকিংয়ের শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’, ঝুঁকিতে সামরিক তথ্য
মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে সামরিক কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, সরঞ্জাম সরবরাহ ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত স্পর্শকাতর তথ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর দুজনের ভাষ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে সিস্টেমটির আধুনিকায়নের কাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এরপর থেকেই প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

তবে কারা এ হামলা চালিয়েছে, হ্যাকাররা সিস্টেমের কতটা গভীরে প্রবেশ করতে পেরেছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

মার্কিন বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি, দুর্বলতা কিংবা পরিচালন অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, ব্যবস্থা ও কার্যক্রমের সক্ষমতা সুরক্ষায় সব সময় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এক প্ল্যাটফর্মে সামরিক তথ্য ও ব্যবস্থাপনা

২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’-এর লক্ষ্য ছিল মার্কিন বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তিসেবা একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় আনা। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের ক্লাউডসেবা একত্র করে তৈরি এ ব্যবস্থায় কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে সরঞ্জাম সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হয়।

এ প্ল্যাটফর্মে রয়েছে বিমানবাহিনীর ‘ক্লাউড-বেজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা। এটি উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ বিভিন্ন উৎসের তথ্য একত্র করে। পাশাপাশি ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ নামের একটি অ্যাপ্লিকেশন বিশ্বের দুই শতাধিক মার্কিন বিমানবাহিনী স্থাপনায় থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব সংরক্ষণ করে।

রয়টার্সের সূত্রগুলোর দুজনের মতে, ‘ক্লাউড ওয়ান’ মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি।

প্ল্যাটফর্মটির প্রধান ঠিকাদার হিসেবে আগে কাজ করেছে এসএআইসি। পরে এ দায়িত্ব নেয় লেইডোস। সাম্প্রতিক অনুপ্রবেশের বিষয়ে জানতে চাওয়া হলে এসএআইসি কোনো মন্তব্য করেনি। লেইডোস প্রশ্নগুলো বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।

সাইবার কমান্ডকে তদন্তে যুক্ত করা হয়েছে

একটি সূত্র জানিয়েছে, হ্যাকাররা একটি সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’ বা মূল নিয়ন্ত্রণ অংশে প্রবেশ করেন। ওই অংশকে একটি ‘ইউনিভার্সাল রিমোট কন্ট্রোলের’ সঙ্গে তুলনা করেছেন সূত্রটি। এর মাধ্যমে তাত্ত্বিকভাবে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের সরবরাহ ও চলাচলসংক্রান্ত তথ্য দেখার সুযোগ তৈরি হতে পারে।

তবে হ্যাকাররা বাস্তবে এসব তথ্য দেখেছেন বা ব্যবহার করেছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। কোন সফটওয়্যার দুর্বলতা কাজে লাগানো হয়েছে, সেটিও শনাক্ত করতে পারেনি রয়টার্স।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার ইউনিট ‘সাইবার কমান্ড’কে যুক্ত করেছেন বলে একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাইবার কমান্ড সাড়া দেয়নি।

বন্ধ রয়েছে অ্যাপ্লিকেশন স্থানান্তর ও হালনাগাদ

অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে প্রভাব পড়েছে। সূত্রগুলোর তিনজন জানিয়েছেন, দাপ্তরিক কাজে ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলো এ প্ল্যাটফর্মে স্থানান্তরের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া আগে থেকেই ক্লাউড ওয়ানে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর সফটওয়্যার হালনাগাদও স্থগিত করা হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন সফটওয়্যার দুর্বলতা প্রকাশ পেলেও সেগুলোর নিরাপত্তা সংশোধনী প্রয়োগে বিমানবাহিনীর কর্মীরা বাধার মুখে পড়ছেন। আরেকটি সূত্র জানিয়েছে, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটর-সংক্রান্ত প্রবেশাধিকার বাতিল করা হয়েছে।

রয়টার্সের সঙ্গে কথা বলা পাঁচটি সূত্রই নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সাইবার হামলার উদ্বেগ

মার্কিন সরকারের বিভিন্ন সংস্থায় সাম্প্রতিক সময়ে একাধিক সাইবার নিরাপত্তা ঘটনার খবর প্রকাশ পেয়েছে। এর মধ্যে এফবিআইয়ের দুটি ঘটনা, পেন্টাগনের তথ্য হ্যাক, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থায় অনুপ্রবেশ এবং অর্থ বিভাগে হ্যাকিংয়ের ঘটনা রয়েছে।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কাও বাড়ছে। বিশেষজ্ঞদের উদ্বেগ, এআই মডেল বিপুল পরিসরের নেটওয়ার্কে সফটওয়্যারের দুর্বলতা দ্রুত শনাক্ত করতে পারে। ক্লাউডভিত্তিক ব্যবস্থার ক্ষেত্রে এ ধরনের ঝুঁকি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তবে ক্লাউড ওয়ানের নেতৃত্ব ২০২৩ সালে অনলাইন সংবাদমাধ্যম ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে দাবি করেছিল, প্ল্যাটফর্মটিতে অনুপ্রবেশের অসংখ্য চেষ্টা তারা শতভাগ সফলতার সঙ্গে প্রতিহত করেছে। ওই নিবন্ধে তারা লিখেছিল, নিরাপত্তার প্রশ্নে ভুল করার কোনো সুযোগ নেই।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp