বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় এখনো থমথমে পরিস্থিতি, পুড়িয়ে দেওয়া থানায় কার্যক্রম বন্ধ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি • ১৭ ঘণ্টা আগে • পঠিত: ৬ বার
টুঙ্গিপাড়ায় এখনো থমথমে পরিস্থিতি, পুড়িয়ে দেওয়া থানায় কার্যক্রম বন্ধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পরও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার সকালে গোপালগঞ্জে নতুন করে আরও ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঘটনার পর টুঙ্গিপাড়া থানা ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে ভবনটি বর্তমানে কার্যত ব্যবহারের অনুপযোগী। গতকাল পুলিশ সদস্যরা থানা ছেড়ে জেলা পুলিশ লাইন্সে চলে গেছেন। বর্তমানে টুঙ্গিপাড়া থানায় কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না।

গোপালগঞ্জ জেলা শহর থেকে ঘোনাপাড়া\-পাটগাতি\-পিরোজপুর সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কের নিলফাবাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।

সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভস্থল থেকে কিছুটা দূরে সড়কের ওপর পড়ে রয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় পুড়িয়ে দেওয়া পুলিশ ও বিজিবির তিনটি গাড়ি এবং একটি সাঁজোয়া যান (এপিসি)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নিলফাবাজার এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর চিহ্ন এখনো ওই এলাকায় দৃশ্যমান।

এদিকে বুধবার সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ১০টি যানবাহন পুড়ে গেছে। জরুরি নথিপত্র, প্রয়োজনীয় আসবাবপত্রসহ থানার অধিকাংশ মালামালই পুড়ে নষ্ট হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা মানবজমিনকে জানান, ঘটনার রাতে থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়েছে। তবে এ মুহূর্তে সঠিক সংখ্যা জানানো সম্ভব নয়। তালিকা তৈরি করে অস্ত্রের হিসাব মেলানোর চেষ্টা চলছে।

সরেজমিনে দেখা গেছে, পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন। কয়েকজন পুলিশ সদস্যকে আগুন থেকে রক্ষা পাওয়া বিছানাপত্র ও ব্যক্তিগত মালামাল নিয়ে থানা ছাড়তে দেখা গেছে। অগ্নিসংযোগের ঘটনায় থানার স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

অন্যদিকে হামলার শিকার সংসদ সদস্য জিলানীর আত্মীয়স্বজনদের মধ্যে এখনো আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। তাদের আশঙ্কা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও হামলা চালাতে পারে।

সংসদ সদস্য জিলানীর চাচাতো ভাই হায়দার আলী মানবজমিনকে বলেন, ‘তিনি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত টুঙ্গিপাড়াবাসীর প্রতি কোনো অন্যায়\-অত্যাচার করেননি। এরপরও কেন এ ধরনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হলো?’

তিনি অভিযোগ করেন, সংসদ সদস্যের বাড়িসহ জাহিদুল ইসলাম, মোস্তফা শেখ, তাইজুল ইসলাম ও আসাদুল শেখের বাড়িতে লুটপাট চালানো হয়েছে।

সংসদ সদস্য জিলানীর আত্মীয় আনিসা তানজুম বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা হামলার পরও ফেসবুকে লাইভে এসে হুমকি দিয়েছে। তারা বলেছে, “তুই জিলানী ৩২ ভেঙেছিস, তোর বাড়িঘরও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।” আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা টুঙ্গিপাড়ায় নিরাপত্তাহীনতায় রয়েছি।’

এদিকে থানা ভবন, পুলিশ ও বিজিবির যানবাহন এবং ব্যক্তিগত বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ\-উৎকণ্ঠা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp