পরিবারের আর্থিক সংকট দূর করতে প্রায় দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের কালকিনি উপজেলার জুলহাস মাল (৪০)। স্বপ্ন ছিল প্রবাসে উপার্জন করে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের মুখে হাসি ফোটাবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সৌদি আরবের রিয়াদে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, গত ২১ নভেম্বর রিয়াদের রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলহাসের মৃত্যু হয়। সৌদি আরবে অবস্থানকালে তাঁর বৈধ কাগজপত্র ছিল না বলে জানা গেছে।
জুলহাস মাল কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ইচাগুরা গ্রামের বাসিন্দা। তিনি খালেক মালের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ বছর বয়সী ও সাড়ে তিন বছর বয়সী দুই কন্যাসন্তান এবং বৃদ্ধ বাবা-মাকে রেখে গেছেন।
স্বজনদের দাবি, জুলহাসের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রায় চার লাখ টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতা ও ঋণের বোঝার কারণে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। ফলে প্রিয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন পরিবারের সদস্যরা।
বাড়িতে দুই শিশুকন্যার বাবাকে ফিরে পাওয়ার আকুতি আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনেরা এখন তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।
জুলহাসের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।