মৌলভীবাজারের কমলগঞ্জে মাত্র এক বছরে পবিত্র কোরআন মাজিদের হিফজ সম্পন্ন করেছে ১১ বছর বয়সী শিশু মো. তায়েফ আহমেদ। বুধবার (২৮ অক্টোবর) হিফজের শেষ সবক সম্পন্ন করে সে। তায়েফের এই সাফল্যে আনন্দিত তার শিক্ষক, পরিবার ও এলাকাবাসী।
তায়েফ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকার হযরত মাহতাব উদ্দিন চৌধুরী (রহ.) হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসাটির সর্বকনিষ্ঠ শিক্ষার্থী হিসেবেও পরিচিত সে।
অধ্যবসায় ও শিক্ষকদের তত্ত্বাবধানে সাফল্য
তায়েফ কমলগঞ্জ উপজেলার সতিঝিরগ্রামের বাসিন্দা মাওলানা আব্দুল গফুরের ছেলে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও হিফজের প্রতি তায়েফের আগ্রহ তার এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ ছাড়া শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান, বাবা-মায়ের উৎসাহ ও দিকনির্দেশনা এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সহযোগিতাও তার হিফজ সম্পন্ন করার পথকে সহজ করেছে বলে জানান তাঁরা।
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ
তায়েফের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন তার ওস্তাদ ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা করছেন, পবিত্র কোরআন ও সুন্নাহর আদর্শে নিজেকে গড়ে তুলে ভবিষ্যতে দেশ, জাতি ও মানবতার কল্যাণে ভূমিকা রাখবে এই ক্ষুদে হাফেজ।