বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আহবাব চৌধুরী'র কলাম

উন্নয়নের স্বার্থে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন

আহবাব চৌধুরী • ১৭ ঘণ্টা আগে • পঠিত: ৭৬ বার
উন্নয়নের স্বার্থে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, রামদা, ও লাঠিসোঁটা নিয়ে যেভাবে প্রকাশ্যে বিক্ষোভ, অগ্নি সংযোগ ও ভাঙচুর চালিয়েছে, তা কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। গত রোববার থেকে ঠানা তিন দিন জেলা শহরের বিভিন্ন সড়কে তাদের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করে এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি চত্বরের নামফলক ভেঙে ফেলে। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। শুধু তা-ই নয়, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি সামাল দিতে সরকার গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করেছে। নতুন ডিসি ও এসপি নিয়োগের পাশাপাশি তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) পরিবর্তন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। প্রশাসনিকভাবে এসব পদক্ষেপের প্রয়োজন আছে।কিন্তু, শুধু কর্মকর্তা বদলি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়িয়ে কি এ পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব? গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে সরকার দলের নির্বাচিত এমপিদের ভূমিকাও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপুল ভোটে নির্বাচিত হয়ে তাঁরাএলাকার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। অথচ, তাঁদেরকে এলাকায় দৃশ্যমান রাজনৈতিক ও সামাজিক ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না। তাঁরা কেন এলাকায় গিয়ে জনগণকে শান্ত করতে পারছেন না,আমার বোধগম্য হয় না । তাদেরকে দল মনোনয়ন দিয়ে সংসদ সদস্য হওয়ার সুযোগ দিয়েছে কি শুধু ঢাকায় থাকার জন্য। তাদেরকে এলাকায় অবস্থান নিতে হবে এবং সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। জনগন দেখলাম একজন সংসদসদস্যের বাড়ীতে আগুন দিয়েছে এটা অবশ্যই তাঁর ব্যর্থতা। কেবল মাত্র সাধারণ জনগন ও দলীয় নেতাকর্মীদের সাথে দুরত্ব সৃষ্টি হলে এমনটি হতে পারে। 

গোপালগঞ্জের এই পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে বড় প্রয়োজন রাজনৈতিক দূরদর্শিতা ও কৌশলগত বিচক্ষণতা। দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জের একটি বৃহৎ অংশের মানুষের রাজনৈতিক সমর্থন আওয়ামী লীগের প্রতি রয়েছে । ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দলটির ক্ষমতাচ্যুতির পর সেই রাজনৈতিক পরিবর্তন রাতারাতি ঘটবে, এমনটি ভাবার কারণ নেই। বরং এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকারকে কৌশল প্রয়োগের মাধ্যমে শান্তি ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরের আনতে হবে। প্রতিবেশী ভারতের মাটি ব্যবহার করে আওয়ামী লীগের পলাতক নেতৃত্ব বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এ ক্ষেত্রে ভারতের ইন্ধন থাকার কথাও আলোচিত হচ্ছে। এ ক্ষেত্রে শুধু পুলিশ, বিজিবি কিংবা যৌথবাহিনীর অভিযান দিয়ে মানুষের রাজনৈতিক মানসিকতা পরিবর্তনের আশা করা বাস্তবসম্মত নয়। অতিরিক্ত বলপ্রয়োগ, নির্বিচার গ্রেপ্তার কিংবা রাজনৈতিক প্রতিহিংসার পথ বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। প্রয়োজন রাজনৈতিক উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে এ ধরনের বিচক্ষণতারই প্রতিফলন দেখা গেছে। গত রোববার তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের চোখ-কান খোলা রেখে সতর্কভাবে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া, তৃতীয় পক্ষকে পরিস্থিতির সুযোগ নিতে না দেওয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। এমনকি রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে এ নির্দেশনার যথেষ্ট তাৎপর্য রয়েছে। গোপালগঞ্জের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সহিংসতাবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, শিক্ষক, পেশাজীবী ও সামাজিক নেতৃত্বকে এ কাজে সম্পৃক্ত করতে হবে। তবে যারা অস্ত্র হাতে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা হত্যাচেষ্টার মতো ফৌজদারি অপরাধে জড়িত, তাদের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আইনের আওতায় আনতে হবে। অপরাধের বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু সেই বিচার যেন কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার না হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

গোপালগঞ্জের সহিংসতার পাশাপাশি তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতাও সরকার ও দেশবাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ শিল্প থেকে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এ খাতের সঙ্গে জড়িত। অথচ শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার গত ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। ইতোমধ্যে মজুরি বোর্ড তার কার্যক্রম শুরু করেছে। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ মিলে এই সমস্যার ও সমাধান প্রয়োজন। মজুরি পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা অস্বীকার করছে না। অর্থাৎ শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিটি প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তির পথে রয়েছে। তাহলে আলোচনার এই প্রক্রিয়ার মধ্যেও কেন ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও কারখানায় হামলার ঘটনা ঘটছে? কেন একের পর এক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে হচ্ছে? গোয়েন্দা সূত্রের বরাতে কয়েকজন সাবেক আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীর নাম সামনে এসেছে। তাঁদের বিরুদ্ধে আন্দোলনে অর্থায়ন ও উসকানি দেওয়ার অভিযোগও এসেছে। সঠিক তদন্তের মাধ্যমে এদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে শ্রমিকদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ, কারখানা বন্ধ হলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন শ্রমিকরাই। বিদেশি ক্রেতারা বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুললে নতুন ক্রয়াদেশ কমে যাবে, রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হবে এবং লোকসানের কারণে কারখানা বন্ধ হবে। এতে হাজার হাজার শ্রমিক তাদের কর্মসংস্থান হারাবেন। এ অবস্থায় সরকার, মালিক ও শ্রমিক তিন পক্ষকেই মিলে দেশে শান্তি ওস্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি করতে হবে।  

লেখক - কলামিষ্ট ও সম্পাদক, সময়ের আয়না, নিউইয়র্ক। 
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর