বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আহবাব চৌধুরী'র কলাম আহবাব চৌধুরীর কলাম

ঘুরে দেখা ফ্যাশন নগরী মিলান

আহবাব চৌধুরী • ১৫ ঘণ্টা আগে • পঠিত: ৫৮ বার
ঘুরে দেখা ফ্যাশন নগরী মিলান
ইতালির বাণিজ্যিক নগরী মিলান যেন ইতিহাস, শিল্প-সংস্কৃতি, আভিজাত্য ও প্রবাসী বাংলাদেশিদের জীবনসংগ্রামের এক অপূর্ব মেলবন্ধন। বিশ্বজুড়ে ফ্যাশন ও ডিজাইনের নগরী হিসেবে পরিচিত এই শহরের অলিগলিতে ছড়িয়ে আছে প্রাচীন স্থাপত্য, আধুনিক জীবনের ব্যস্ততা আর মানুষের বেঁচে থাকার নানা গল্প।ভেনিস থেকে মিলানের দূরত্ব প্রায় ২৭৮ কিলোমিটার। বছর দুয়েক আগে গ্রীষ্মের ছুটিতে ইউরোপের তিনটি দেশ ভ্রমণে বেরিয়েছিলাম ঘনিষ্ঠ বন্ধু সজীবকে সঙ্গে নিয়ে। লন্ডন থেকে রায়ানএয়ারের একটি বিমানে রাত ১০টায় ভেনিস পৌঁছাই। আগে থেকেই গাড়ি ভাড়া করা ছিল। তবে কারিগরি সমস্যায় গাড়ি পেতে দেরি হওয়ায় সাড়ে তিন ঘণ্টার পথ পাড়ি দিয়ে মিলানে পৌঁছাতে রাত প্রায় দুইটা বেজে যায়। ক্লান্ত শরীরে আশ্রয় নিই মিলানের হিলটন হোটেলে।

সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি মিলান দেখতে। প্রাচীন ঐতিহ্য, আধুনিক বাণিজ্য, ফ্যাশন ও শিল্প-সংস্কৃতির সমন্বয়ে শহরটির রয়েছে স্বতন্ত্র আকর্ষণ।একজন গাইডকে সঙ্গে নিয়ে প্রথমেই গেলাম বিখ্যাত মিলান ক্যাথেড্রাল বা ‘দুওমো দি মিলানো’ দেখতে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল এই গির্জা মিলানের অন্যতম প্রধান প্রতীক।১৩৮৬ সালে এর নির্মাণকাজ শুরু হয়। সাদা মার্বেলে নির্মিত ভবনের অসংখ্য চূড়া, সূক্ষ্ম কারুকাজ ও ভাস্কর্য সত্যিই বিস্ময়কর। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু স্থপতি ও কারিগরের শ্রমে গড়ে উঠেছে এই অনন্য স্থাপত্য।
ক্যাথেড্রালের সামনের বিশাল চত্বর ‘পিয়াজা দেল দুয়োমো’ সারাক্ষণ পর্যটকদের পদচারণায় মুখর থাকে। সোনালি আভাযুক্ত মাদোনার মূর্তি থেকে শুরু করে পুরো স্থাপনার নির্মাণশৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে। ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও শিল্পকলার এমন সমন্বয় সত্যিই অসাধারণ।

মিলানের আরেকটি আকর্ষণ বিখ্যাত শিল্পকলা জাদুঘর ‘পিনাকোটেকা দি ব্রেরা’। এখানে রাফায়েল, কারাভাজ্জো, টিন্টোরেত্তো ও তিতিয়ানের মতো খ্যাতিমান শিল্পীদের মূল্যবান চিত্রকর্ম সংরক্ষিত রয়েছে। জাদুঘর ও ব্রেরা এলাকার ঐতিহাসিক পরিবেশ ইতালির সমৃদ্ধ শিল্প-সংস্কৃতির পরিচয় বহন করে।এ ছাড়া দেখেছি নেপোলিয়নিক যুগের স্থাপত্য-ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত ‘আর্কো দেলা পাসে’ বা শান্তির তোরণ। এসব স্থাপনা ঘুরে উপলব্ধি করেছি, মিলান শুধু ফ্যাশন ও বাণিজ্যের শহর নয়, ইতিহাস ও ঐতিহ্যেও সমৃদ্ধ।মিলানের ব্যস্ত নগরজীবন থেকে বেরিয়ে গিয়েছিলাম মনোরম লেক কোমোর তীরে। পাহাড়ঘেরা স্বচ্ছ জলরাশি, সাজানো বাড়িঘর, ঐতিহাসিক ভিলা ও ফুলে ভরা বারান্দা—সব মিলিয়ে এলাকাটি যেন ছবির মতো সুন্দর।লেক কোমো প্রাকৃতিক সৌন্দর্য ও বিলাসবহুল জীবনযাপনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। হলিউড তারকা জর্জ ক্লুনিসহ অনেক ধনাঢ্য ব্যক্তি এ অঞ্চলে বসবাস করেছেন কিংবা অবকাশ কাটিয়েছেন।

বিদেশের মাটিতে নিজের দেশের মানুষের দেখা পাওয়ার আনন্দই আলাদা। ইতালিতে তিন লাখের
ও বেশি বাংলাদেশি বসবাস করেন বলে বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা যায়। তাঁদের বড় একটি 
অংশ মিলান ও রোমে থাকেন। মিলানের সেন্ট্রালে রেলস্টেশনের আশপাশে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন দোকানপাট, রেস্তোরাঁ ও মুদিদোকান। এসব এলাকায় গেলে পরিচিত বাংলা ভাষা শোনা যায়, দেশীয় পণ্য ও খাবার পাওয়া যায়। কোথাও বন্ধুদের আড্ডা, কোথাও দেশের রাজনীতি নিয়ে আলোচনা—সব মিলিয়ে মনে হয়, বিদেশের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ।একটি বাংলাদেশি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়ে পরিচিত খাবারের স্বাদ ও বাংলায় কথা বলার সুযোগ ভ্রমণে বাড়তি আনন্দ এনে দিয়েছে।

মিলানে বিএনপি আয়োজিত একটি নৈশভোজেও যোগ দিয়েছিলাম। ভারতীয় তন্দুরি গ্রিল রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মনে হয়েছিল, যেন নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ফিরে এসেছি। সেখানে মিলান বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে পরিচয় ও মতবিনিময় হয়। তাঁদের মধ্যে ছিলেন আবদুল্লাহ আল মামুন, হোসাইন মোহাম্মদ মনির, জাকির হোসেন, লিয়াকত আলী, আজমত উল্লাহ সিকদার রবিন, জুয়েল পাশা, শফিকুল ইসলাম মিলন, আজমল খান, নূর হোসাইন জমির এবং সাবেক ছাত্রদল নেতা জাহেদ হোসেনসহ অনেকে। তাঁদের আন্তরিকতা ও আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।মিলানে দীর্ঘ ২০ বছর পর দেখা হলো ফেঞ্চুগঞ্জ কলেজের সাবেক ছাত্রনেতা জাহেদ হোসেনের সঙ্গে। সে প্রায় ১৫ বছর ধরে পরিবারসহ ইতালিতে বসবাস করছেন। তাঁর সঙ্গে আলাপচারিতায় প্রবাসী বাংলাদেশিদের জীবনসংগ্রাম ও নানা প্রতিকূলতার কথা জানতে পারি।

গ্রীষ্মকালে পর্যটকদের ব্যাপক সমাগমে মিলানের ব্যবসা-বাণিজ্য জমজমাট হয়ে ওঠে। শহরের বিভিন্ন স্থানে দেখেছি, বাংলাদেশিরা ছোট দোকান পরিচালনা করছেন। কেউ কেউ রাস্তায় ঘুরে ফুল ও সিগারেট বিক্রি করছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানতে পারি, বৈধ কাগজপত্র না থাকলে স্থায়ী কর্মসংস্থান পাওয়া কঠিন। কেউ কেউ ফেরি করে দিনে ৫০ থেকে ৬০ ইউরো আয় করেন। ব্যয়বহুল ইতালিতে এই আয়ে জীবনযাপন সহজ নয়। তবু পরিবারের মুখে হাসি ফোটানো এবং দেশে স্বজনদের সহায়তা করার আশায় তাঁরা নিরলস পরিশ্রম করে চলেছেন।

দেশ থেকে সদ্য আসা কয়েকজন তরুণের সঙ্গেও কথা হয়েছিল। তাঁদের কারও ইউরোপে আসার পথ পাড়ি দিতে হয়েছে পাহাড়-পর্বত ও বনজঙ্গল, কাউকে ঝুঁকিপূর্ণ নৌপথ, আবার কাউকে দীর্ঘ পথ হেঁটে। দালালের সহায়তায় ইউরোপে পৌঁছানোর পরও তাঁদের সংগ্রাম শেষ হয়নি। কাজ খোঁজা, ভাষা শেখা, বৈধভাবে বসবাসের অনুমতি পাওয়া এবং নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার লড়াই অব্যাহত রয়েছে।এই মানুষগুলোর জীবনে কষ্ট ও অনিশ্চয়তা থাকলেও রয়েছে ঘুরে দাঁড়ানোর অদম্য ইচ্ছা। পরিবারের জন্য, স্বজনদের জন্য এবং একটি সুন্দর ভবিষ্যতের আশায় তাঁরা প্রতিনিয়ত সংগ্রাম করছেন।

মিলান ভ্রমণ আমাকে শুধু একটি ঐতিহাসিক ও ফ্যাশনের নগরীর সৌন্দর্য দেখায়নি; দেখিয়েছে প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন, শ্রম, সংগ্রাম ও সাফল্যের নানা গল্প। একদিকে আভিজাত্য ও বিলাসিতা, অন্যদিকে জীবনযুদ্ধে টিকে থাকার নিরন্তর প্রচেষ্টা—এই দুইয়ের সহাবস্থানই আমার কাছে মিলানকে করেছে স্মরণীয়।

লেখক: যুক্তরাষ্ট্রপ্রবাসী কলামিস্ট ও রাজনীতিবিদ, নিউইয়র্ক।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp