রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর একটি জুয়েলার্সের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও হীরার গয়না লুটের ঘটনা ঘটেছে। দোকানমালিকের দাবি, লুট হওয়া অলংকারের পরিমাণ প্রায় ২ হাজার ভরি। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক অমিত ঘোষ ধানমন্ডি থানায় মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সংশ্লিষ্ট নিরাপত্তা প্রতিষ্ঠানের একজন কর্মী রয়েছেন। তবে ঘটনার মূল অভিযুক্ত হিসেবে সন্দেহভাজন একজন এখনো পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে।
নিরাপত্তাকর্মীদের খাবারে ঘুমের ওষুধ মেশানোর অভিযোগ
দোকান কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার আগে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানো হয়েছিল। খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো হয় বলে ধারণা করা হচ্ছে। পরে তাঁরা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা দোকানে ঢুকে গয়না ও নগদ টাকা নিয়ে যায়।
পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল জানান, ঘটনার পর থেকে তিন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের একজন জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী, যিনি মার্শাল সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন। অন্য দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী।
সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে বলে জানান তিনি। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে বাইরের লোকজনকে দোকানে ঢুকতে সহযোগিতা করতে দেখা যায়। ভেতরে প্রবেশের পর দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
নিয়োগের পাঁচ দিনের মাথায় নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে সন্দেহ
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনার পাঁচ দিন আগে জুয়েলার্স কর্তৃপক্ষ নতুন একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছিল। তবে তাঁর কাছ থেকে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়নি। ওই কর্মী চুরির ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিরাপত্তা প্রতিষ্ঠানের একজন কর্মী রয়েছেন। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে সরঞ্জাম উদ্ধার
ঘটনার পর পুলিশ শপিং মলটি ঘিরে রাখে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সেখান থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রু ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে ভবনের পার্কিং এলাকায় অর্ধচেতন অবস্থায় পাওয়া যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, নিরাপত্তাকর্মী সালাম ও সুপারভাইজার রিপন তাঁকে কলা খেতে দিয়েছিলেন। কলা খাওয়ার পর তাঁরা অচেতন হয়ে পড়েন। এরপর কী ঘটেছে, তা আর মনে করতে পারেননি তিনি।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, প্রায় ১ হাজার ৮০০ ভরি স্বর্ণের পাশাপাশি রুপা ও হীরার গয়না লুট হয়েছে। সব মিলিয়ে অলংকারের পরিমাণ প্রায় ২ হাজার ভরি। নগদ টাকার পরিমাণ ১০ থেকে ১২ লাখ।
দোকানটির বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও একই কৌশলে নিরাপত্তাকর্মীদের খাবার খাইয়ে অচেতন করে চুরির চেষ্টা হয়েছিল। তবে সে সময় বিষয়টি মালিকের নজরে আসায় চুরি ঠেকানো সম্ভব হয়।