রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

সিলেটে এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য বড় ক্ষতি এড়াল

ডেস্ক রিপোর্ট • ২২ ঘণ্টা আগে • পঠিত: ৪ বার
সিলেটে এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য বড় ক্ষতি এড়াল
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাসভবন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে দক্ষিণ সুরমার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন তাঁর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

পেট্রলবোমার আঘাতে বাড়ির টিনের চালের একটি অংশে আগুন ধরে যায়। তবে বাড়িতে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার সময় সংসদ সদস্য এম এ মালেক ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন। হামলাকারীরা পেট্রলবোমা নিক্ষেপের পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

সংসদ সদস্যের বাসভবনে এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp