রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বাগানে বাগানে উৎসবের আমেজ

ডেস্ক রিপোর্ট • ২১ ঘণ্টা আগে • পঠিত: ৪ বার
আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বাগানে বাগানে উৎসবের আমেজ
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে নারী-পুরুষ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাগানগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সকালে হবিগঞ্জের চুনারুঘাটের নালুয়া চা বাগানসহ বিভিন্ন বাগানের ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট শুরুর আগেই কেন্দ্রে শ্রমিকদের ভিড় বাড়তে থাকে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তাঁরা। প্রার্থীদের পোস্টার, ব্যানার ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে চা বাগান এলাকা।

ভোটাররা জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় শ্রমিকদের দাবি-দাওয়া তুলে ধরার ক্ষেত্রে কার্যকর নেতৃত্বের অভাব তৈরি হয়েছিল। এবারের নির্বাচনে ভোটের মাধ্যমে সৎ ও যোগ্য প্রতিনিধি বেছে নিতে চান তাঁরা।

কেন্দ্রীয় কমিটি থেকে পঞ্চায়েত—লড়াই প্রায় সাত হাজার প্রার্থীর

নির্বাচনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০টি পদ, সাতটি ভ্যালি কমিটি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় সাত হাজার প্রার্থী। তাঁদের অংশগ্রহণে গড়ে উঠেছে ৬০০টির বেশি প্যানেল।

মৌলভীবাজারে ভোটার ৬০ হাজারের বেশি

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮২ জন।

উপজেলাভিত্তিক হিসাবে শ্রীমঙ্গলে ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ভোটার রয়েছেন ১ হাজার ১৫৬ জন।

নিরাপত্তায় পুলিশ-আনসার, মাঠে ভ্রাম্যমাণ আদালত

নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চা বাগানের ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্সও দায়িত্ব পালন করছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চা বাগান এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। 
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp