সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৫ লাখ ৪৮ হাজার ৯৫৪ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও পাচারযোগ্য মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, ৪৮ বিজিবির আওতাধীন বিছানাকান্দি, শ্রীপুর, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা পৃথক অভিযান চালান। এ সময় ভারত থেকে আনা গরু, মহিষ, প্রসাধনসামগ্রী, কমলা, কম্বল, জিরা, টমেটো, গাড়ির টায়ার, চকলেট, মুভ স্প্রে ও চিপস জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন ও সোয়েটারের চালানও জব্দ করা হয়।
এসব পণ্যের সিজার মূল্য ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ।
অন্যদিকে, ১৯ বিজিবির আওতাধীন কানাইঘাটের সুরইঘাট ও জৈন্তাপুর বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় রসুন ও গরু জব্দ করেন। এসব পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৩২ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার।
দুই ব্যাটালিয়নের অধিনায়ক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।